নাটোরের গুরুদাসপুর উপজেলার জোলারকান্দি এলাকায় নাজিরপুর-নাটোর আঞ্চলিক সড়কে তিন গাড়ির সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। শনিবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, গুরুদাসপুর উপজেলার বীরবাজার গ্রামের আফসার আলী (৭০) এবং একই এলাকার মো. হায়দার আলী (৩০)।
স্থানীয়রা জানান, সকালে একটি পাওয়ার টিলার, যাত্রীবাহী অটোরিকশা এবং মাছবাহী গাড়ির ত্রিমুখী সংঘর্ষ হয়। এ সময় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই একজন নিহত হন।
সংঘর্ষে আরও পাঁচজন আহত হন। তাদের মধ্যে গুরুতর আহত অবস্থায় একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। বাকিদের নাটোর সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


