চট্টগ্রাম-৫ (হাটহাজারী- আংশিক বায়েজিদ) আসনে জাতীয় পার্টির প্রার্থী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। শনিবার সকাল ১১টায় বিভাগীয় কমিশনার কার্যালয় ও রিটার্নিং কর্মকর্তা ড. জিয়াউদ্দিন এই মনোনয়ন বাতিল করেন। একই আসনে স্বতন্ত্র প্রার্থী ও বিএনপি নেত্রী শাকিলা ফারাজানার প্রার্থিতা বাতিল হয়েছে।
এর আগে, মনোনয়নপত্র বাছাইয়ের সময় আনিসুল ইসলাম মাহমুদের প্রস্তাবকারী সালাউদ্দিন খোরশেদকে বাধা দেয় হাটহাজারীর ছাত্রদল-যুবদলসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
এ প্রসঙ্গে রিটার্নিং কর্মকর্তা ড. জিয়াউদ্দিন জানান, তার কাছে কেউ কোনো ধরনের অভিযোগ করেনি। শুক্রবার রাতেই আমি কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে সব ধরনের ব্যবস্থা নেয়ার জন্য জানিয়ে রাখি।
এনিয়ে বিএনপি নেতা সালাউদ্দিন আলী বলেন, বিক্ষোভের বিষয়টি সম্পূর্ণ আলাদা। আনিসুল ইসলাম মহামুদ নিজের প্রস্তাবক ও সমর্থক আনতে পারেননি। তাই রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়ন বাতিল করেছেন।
প্রস্তাবককে বাধার দেওয়ার বিষয়ে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বলেন, সালাউদ্দিন খোরশেদ নামে একজনের বিরুদ্ধে একটি দলের নেতাকর্মীরা বিক্ষোভ করছেন৷ তার বিরুদ্ধে বিভিন্ন মামলার বিষয়ে তারা জানাচ্ছে। সেগুলো যাচাই করা হচ্ছে।
অবশ্য মনোনয়নপত্র জমাদান পর্ব শেষ হওয়ার পর আগামী নির্বাচন না করার ঘোষণা দিয়েছিল আনিসুল ইসলাম মাহমুদের জাতীয় পার্টি।


