সংরক্ষিত সংসদ সদস্য পদের প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশনের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে রিট আবেদন দায়ের করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন।
বৃহস্পতিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই আবেদন করা হয়েছে বলে জানা গেছে।
সংরক্ষিত সংসদ সদস্য পদের জন্য এনসিপির মনোনয়ন পেয়েছিলেন মনিরা শারমিন। সরকারি চাকরি থেকে পদত্যাগের তিন বছর পূর্ণ না হওয়ায় গত ২৩ এপ্রিল তার মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। এ সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেন মনিরা শারমিন। নির্বাচন কমিশন তার আপিল আবেদন খারিজ করে দেয়।
মনিরা শারমিনের হলফনামার তথ্য অনুযায়ী, তিনি ২০২৩ সালের ১১ নভেম্বর রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ কৃষি ব্যাংকে কর্মকর্তা হিসেবে যোগ দেন। পরে ২০২৫ সালের ডিসেম্বর মাসে সেই চাকরি ত্যাগ করেন। তার আইনজীবীদের মতে, পদত্যাগের পর তিন বছর পূর্ণ হওয়া সংক্রান্ত আইনটি সংরক্ষিত সংসদ সদস্য নির্বাচনের জন্য প্রযোজ্য হবে না।


