ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি বলেন, জনগণ ও গণতান্ত্রিক শক্তি ঐক্যবদ্ধ রয়েছে। ফ্যাসিবাদের যেকোনো ধরনের ইঙ্গিত বা অশুভ কর্মকাণ্ড প্রতিহত করতে হবে।
মঙ্গলবার ঢাকার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে মিছিল শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠন যৌথভাবে প্রতিবাদ মিছিল করেছে। মিছিলের উদ্দেশ্য হলো ফ্যাসিবাদের উঁকি দেওয়ার চেষ্টা প্রতিহত করা।
যারা জনগণের জীবন থেকে সুন্দর ভোর, সূর্যের আলো, স্বাভাবিক ও সুস্থ জীবনযাপন এবং মানুষের বাঁচার অধিকার কেড়ে নিয়েছিল, তারা এখন নানা কায়দায় তাদের চুরি ও পাচার করা অর্থ ব্যবহার করে দেশে অস্থিতিশীলতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড সৃষ্টির চেষ্টা করছে, বলেও মন্তব্য করেন তিনি।
বিএনপির এই মুখপাত্র বলেন, ‘আমাদেরকে যখন ১৭ বছর দমাতে পারেননি; বাড়িতে বাড়িতে পুলিশ পাঠিয়েছেন, র্যাব পাঠিয়েছেন, গোয়েন্দা পুলিশ পাঠিয়েছেন। ইলিয়াস আলী, চৌধুরী আলম, সাইফুল ইসলাম হিরুসহ অসংখ্য নেতাদের গুম করেছেন। আবার গুমের রাজত্ব ফিরে আসবে, জনগণ সেটা সমর্থন দেবে? না। আবার ক্রসফায়ার ফিরে আসবে, জনগণ সেটাকে সমর্থন দেবে? না।’
তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার ও বিএনপির নেতৃত্বাধীন জোট সরকার চার মাসে কোনো গুম, ক্রসফায়ার বা মিথ্যা মামলার ঘটনা ঘটেনি নিশ্চিত করে তিনি আরও বলেন, ‘কোনো গুমের ঘটনা ঘটেছে? না। কোনো ক্রসফায়ার হয়েছে? না। কোনো মিথ্যা মামলায় কেউ বন্দি হয়েছে? না। শুধুমাত্র দুষ্কৃতকারী, সমাজ অপরাধীরা ছাড়া।’
অগ্রগতি, সমৃদ্ধি, শান্তি, বহুদলীয় গণতন্ত্র ও মানুষের মত প্রকাশের স্বাধীনতাকে বন্ধ করার চক্রান্ত চলছে জানিয়ে তিনি বলেন, ‘আজকে শুধু নয়, প্রতিদিন আমাদের সজাগ থাকতে হবে। ওরা নানা ধরনের উসকানিমূলক কাজ করবে। স্বাধীনতা ও সার্বভৌমত্বপ্রিয় জনগণকে ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিবাদের যেকোনো ইঙ্গিত ও অশুভ কর্মকাণ্ড প্রতিহত করতে হবে।


