গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার রাতে উপজেলার মহেশপুর রেলস্টেশন এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মহেশপুর ইউনিয়নের বাওইখোলা গ্রামের শাহ আলম গাজীর ছেলে হাসিব গাজী (২০) এবং নোয়াপাড়া গ্রামের বাবুল শেখের ছেলে মেহেদী শেখ (২৫)।
রাজবাড়ি রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ওই দুই যুবক রেললাইনের ওপর ঘুমিয়ে পড়েছিলেন। খুলনাগামী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেন তাদের ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়।
খবর পেয়ে ভাঙ্গা রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের লাশ উদ্ধার করে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে বলে জানান তিনি।


