মানিকগঞ্জের হরিরামপুরে পদ্মা নদীর পাড়ে ঘুরতে আসা এক পর্যটকের ওপর হামলা করে মোবাইল ফোন ও টাকা লুটের অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে উপজেলার বয়ড়া খালপাড় এলাকার আন্ধারমানিক পদ্মা নদীর পাড়ে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী নাঈম মোল্লা পরে হরিরামপুর থানায় অভিযোগ করেন।
পুলিশ জানায়, ৬-৭ জনের একটি দল নাঈমের ওপর অতর্কিত হামলা চালিয়ে তার মোবাইল ফোন ও টাকা নিয়ে যায়। পরে তার দেওয়া তথ্য ও শনাক্তের ভিত্তিতে অভিযান চালিয়ে রাতে চারজনকে আটক করা হয়।
আটকরা হলেন—আন্ধারমানিক গ্রামের রিফাত ওরফে লাল (২২), সাগর (২১), দড়িকান্দি গ্রামের অভি শিকদার (২৩) এবং দিয়াপাড় গ্রামের সাইম হোসেন (২৪)।
এ ব্যাপারে হরিরামপুর থানার ওসি মুহাম্মদ আফজাল হোসেন জানান, বুধবার দুপুরে আটক চারজনকে আদালতে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।


