‘গোলাম মামুন’র সিক্যুয়েলে থাকছেন না শিহাব শাহীন

‘গোলাম মামুন’র সিক্যুয়েলে থাকছেন না শিহাব শাহীন
Advertisement
Advertisement

হইচইতে মুক্তি পাওয়া জনপ্রিয় ওয়েব সিরিজ ‘গোলাম মামুন’–এর সিক্যুয়েল নিয়ে দর্শকের আগ্রহ নতুন কিছু নয়। ২০২৪ সালে মুক্তির পর দুই বাংলায় ব্যাপক সাড়া ফেলা এই সিরিজের দ্বিতীয় কিস্তি নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছিল। গত বছরের শেষদিকে নির্মাতা শিহাব শাহীন নিজেই জানিয়েছিলেন, ‘গোলাম মামুন ২’–এর স্ক্রিপ্টিং চলছে এবং শিগগিরই শুটিং শুরুর পরিকল্পনা রয়েছে।

তবে এবার এসেছে নতুন খবর। দ্বিতীয় সিজনে আর পরিচালকের চেয়ারে থাকছেন না শিহাব শাহীন। তার জায়গায় ‘গোলাম মামুন ২’ পরিচালনা করবেন তানিম রহমান অংশু।

প্রযোজনা প্রতিষ্ঠান হইচই এখনো আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও, বিশ্বস্ত সূত্রে জানা গেছে পরিচালক পরিবর্তনের বিষয়টি চূড়ান্ত। এ প্রসঙ্গে শিহাব শাহীনও গণমাধ্যমে কথা বলেছেন। তিনি জানান, সময়ের অভাবের কারণেই সিক্যুয়েলটি পরিচালনা করা তার পক্ষে সম্ভব হয়নি। শিহাবের ভাষ্য, রোজার ঈদের আগেই সিরিজটির কাজ শুরু করার পরিকল্পনা থাকলেও একসঙ্গে ৮–১০টি প্রজেক্ট হাতে থাকায় সময় বের করতে পারেননি।

উল্লেখ্য, ‘গোলাম মামুন’ মূলত তানিম রহমান অংশু পরিচালিত ‘বুকের মধ্যে আগুন’ সিরিজের একটি স্পিন-অফ। প্রথম সিজনে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন জিয়াউল ফারুক অপূর্ব ও সাবিলা নূর। এছাড়া ছিলেন ফখরুল বাশার মাসুম, শার্লিন ফারজানা ও রাশেদ মামুন অপু। নতুন পরিচালকের সঙ্গে দ্বিতীয় সিজনে কিছু শিল্পী বদল হতে পারে বলেও শোনা যাচ্ছে।

সব মিলিয়ে, পরিচালক বদলের মধ্য দিয়ে ‘গোলাম মামুন ২’ নতুন এক পথে এগোতে যাচ্ছে—এটাই এখন সিরিজটি ঘিরে সবচেয়ে বড় আলোচনার বিষয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad