গোপালগঞ্জ সদর উপজেলার আওয়ামী লীগের প্রায় ১২০০ নেতাকর্মী একযোগে বিএনপিতে যোগ দিয়েছেন।
বুধবার দুপুরে উপজেলার নিজড়া ইউনিয়নের জাঙ্গাল বাজার এলাকায় গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য কেএম বাবরের হাতে ফুল দিয়ে তারা বিএনপিতে যোগদান করেন।
এ সময় সদর উপজেলা বিএনপির সভাপতি শিকদার শহিদুল ইসলাম লেনিন, ফজলুল কবির দ্বারা, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন হীরা, ছাত্রদল নেতা সাইফুল ইসলামসহ বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগদান অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার উৎসুক মানুষও ভিড় করেন।
অনুষ্ঠানে এমপি কেএম বাবর বলেন, ‘বর্তমান রাজনৈতিক বাস্তবতায় জনগণের প্রত্যাশা পূরণে বিএনপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিভিন্ন রাজনৈতিক দল থেকে অভিজ্ঞ ও জনপ্রিয় ব্যক্তিরা বিএনপিতে যোগদান করলে আমরা তাদের বরণ করে নেব এবং যোগ্য সম্মান দেব।’
তিনি আরও বলেন, ‘আজ যারা বিএনপিতে যোগ দিয়েছেন, আমি তাদের কৃতজ্ঞতা সহকারে স্বাগত জানাই। আশা করি আপনাদের যোগদানের মধ্য দিয়ে গোপালগঞ্জে বিএনপি আরও শক্তিশালী হবে। আপনাদের হাত ধরেই গোপালগঞ্জের উন্নয়ন অব্যাহত থাকবে।’
বিএনপিতে যোগদানকারী নবাগত নেতারা জানান, এলাকার উন্নয়ন, গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং জনগণের অধিকার আদায়ের লক্ষ্যে তারা বিএনপির রাজনীতিতে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বিএনপির আদর্শ ও কর্মসূচি বাস্তবায়নে তারা সক্রিয়ভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এক সঙ্গে আওয়ামী লীগের বিপুল সংখ্যক নেতাকর্মী বিএনপিতে যোগদান নিয়ে গোপালগঞ্জের রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।


