গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে কামনা বেগম (৭০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।
বুধবার সকাল ৮টার দিকে উপজেলার পিংগলিয়া গ্রামে ফাঁকা মাঠ-সংলগ্ন রেললাইনে এই দুর্ঘটনা ঘটে। নিহত কামনা বেগম উপজেলার তিলছড়া গ্রামের মৃত আনোয়ার শেখের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কামনা বেগম সকালে পিংগলিয়া গ্রামে মেয়ের জামাইয়ের বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে হেঁটে গোপালগঞ্জ-রাজশাহী রেললাইন পার হওয়ার সময় গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা রাজশাহীগামী ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’ ট্রেনে কাটা পড়েন তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কাশিয়ানী থানার এসআই নূর আলম মিয়া জানান, রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করেছে।


