ঈদে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘রকস্টার’-এর গান ঘিরে জমে উঠল এক বিশেষ আয়োজন। একই মঞ্চে হাজির হয়ে দর্শকদের চমকে দেন ঢালিউড সুপারস্টার শাকিব খান ও সংগীতশিল্পী আহমেদ হাসান সানি। দুজনের একসঙ্গে গান পরিবেশনের মুহূর্তটি দর্শকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস সৃষ্টি করেছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, ‘রকস্টার’-এর সফলতা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সিনেমাটির একের পর এক গান পরিবেশন করছিলেন সানি। একপর্যায়ে নিজের লেখা, সুর করা ও গাওয়া গান ‘আমি’ পরিবেশনের সময় তিনি মঞ্চে আমন্ত্রণ জানান শাকিব খানকে। দর্শকদের করতালির মধ্যেই মঞ্চে উঠে সানির সঙ্গে কণ্ঠ মেলান এই অভিনেতা।
এ প্রসঙ্গে সানি বলেন, শাকিব খান আন্তরিকভাবেই গানটি গাওয়ার চেষ্টা করেছেন এবং গানের আবেগকে ধারণ করেছেন। পাশাপাশি তিনি জানান, শাকিব তার কাজের প্রশংসা করেছেন এবং ‘রকস্টার’-এর গানগুলোকে সাম্প্রতিক সময়ের বাংলা চলচ্চিত্রের সেরা সংগীতায়োজনগুলোর একটি হিসেবে উল্লেখ করেছেন।
সানি আরও জানান, ‘আমি’ গানটি এখনও ইউটিউবে প্রকাশ করা হয়নি। তবে খুব শিগগিরই গানটি শ্রোতাদের জন্য উন্মুক্ত করা হবে। একই সঙ্গে ‘রকস্টার’ সিনেমার সব গান নিয়ে একটি জুকবক্স প্রকাশের পরিকল্পনাও রয়েছে।


