সাতক্ষীরার কলারোয়ায় ১০ বছরের শিশুকে ধর্ষণের দায়ে মো. ইব্রাহিম গাজী নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দিয়েছে আদালত। সোমবার সাতক্ষীরা শিশু ধর্ষণ অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক আবু বকর সিদ্দিক এই রায় ঘোষণা করেন।
আসামি ইব্রাহিম গাজী (৫০) কলারোয়া উপজেলার পারিখুপি গ্রামের বাসিন্দা।
মামলার বিবরণে জানা যায়, ২০২৫ সালের ২৭ মার্চ ইব্রাহিম গাজী বাড়িতে কেউ না থাকার সুযোগে তার প্রতিবেশী এক শিশুকে বিস্কুটের প্রলোভন দেখিয়ে নিজ ঘরে নিয়ে ধর্ষণ করে। এ সময় ওই শিশুর চিৎকার শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করে এবং ইব্রাহিম গাজীকে আটক করে পুলিশে দেয়।
এ ঘটনায় ওই শিশুর নানী খাদিজা বেগম কলারোয়া থানায় একটি মামলা করে। মামলার তদন্ত কর্মকর্তা এস.আই সেকেন্দার আলী ২০২৫ সালের ২০ জুন আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালত ২০২৬ সালের ৭ জানুয়ারি অভিযোগ গঠন করে।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী, সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি শেখ আলমগীর আশরাফ জানান, সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন। রায় ঘোষণার সময় আসামি কাঠগড়ায় ছিলেন।
তিনি আরও জানান, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলার চাপ কমাতে সাতক্ষীরায় ২০২৫ সালের ২৩ অক্টোবর শিশু ধর্ষণ অপরাধ দমন ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হয়। এই ট্রাইব্যুনাল চালু হওয়ার পর এই প্রথম কোনো মামলার রায় হল।


