গাজীপুর মহানগরীর পূবাইল এলাকায় মোবাইল ফোন টাওয়ারের নিরাপত্তা প্রহরীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকালে পূবাইলের মেঘডুবী ডাক্তারবাড়ি এলাকার ওই টাওয়ারকক্ষ থেকে মীর আলতাব হোসেন (৬৫) নামে নিরাপত্তাকর্মীর মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আলতাব হোসেন স্থানীয় মেঘডুবী এলাকার মৃত মীর কাজিমুদ্দিন মাস্টারের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে বাংলালিংক নেটওয়ার্ক টাওয়ারটির নিরাপত্তা প্রহরীর দায়িত্ব পালন করছিলেন।
পরিবার ও পুলিশ সূত্র জানায়, টাওয়ার পরিচালনাকারী প্রতিষ্ঠানের কর্মকর্তারা সকাল পর্যন্ত আলতাব হোসেনের কোনো খোঁজ না পেয়ে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। খবর পেয়ে আলতাব হোসেনের ছেলে সবুজ টাওয়ারে গিয়ে বাবার হাত-পা বাঁধা মরদেহ দেখতে পান। পরে তিনি পুলিশে খবর দেন।
পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মো. খালিদ হাসান বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং সব দিক বিবেচনায় নিয়ে তদন্ত করছি। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’
এখনও হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি এবং কাউকে গ্রেপ্তার করা হয়নি । তবে কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং উদ্দেশ্য কী তা উদঘাটনে পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।


