ইলিশ রক্ষায় এবার পুলিশ-নৌবাহিনীর পাশাপাশি বিমানবাহিনীও ড্রোন ব্যবহার করে নজরদারি চালাবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার।
তিনি বলেন, ‘এ বছর মা ইলিশ রক্ষায় পুলিশ, নৌবাহিনী ছাড়াও বিমানবাহিনী ড্রোন দিয়ে কাজ করবে। প্রতি বছরের মতো এ বছরও ২২ দিনের নিষেধাজ্ঞা আগামী ৪ অক্টোবর থেকে শুরু হবে। গত বছর যে উদ্যোগ নিয়েছিলাম, তাতে ৫২ দশমিক ৫ শতাংশ মা ইলিশ রক্ষা পেয়েছিল।’
বুধবার বিকালে টাঙ্গাইলের মির্জাপুরের রনদা প্রসাদ সাহার দুর্গা মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
তিনি আরও বলেন, ‘ইলিশ মাছ কম আহরণের মূল কারণ হচ্ছে কারেন্ট জাল ও চায়না জাল। সে কারণে এ বছর আমরা একটু বেশি সতর্ক থাকব। আশা করছি এবার আরও বেশি ইলিশ রক্ষা করতে পারব।’
এ সময় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মোর্শেদ বলেন, ‘সংস্কৃতি ধ্বংস করা যাবে না। কোনো অপশক্তি রাজনীতিকে ব্যবহার করে বিভাজন তৈরি করতে পারবে না। আমরা একতার কথা বলতে এসেছি। সব সংস্কৃতিকে ভালোবেসে দেশকে সুন্দর করার প্রতিজ্ঞা নিয়েই এগোতে হবে। সরকার সব সময় চায় যেন কোনো উৎসবে শৃঙ্খলা নষ্ট না হয়।’
মন্দির পরিদর্শনে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক, সুইজারল্যান্ড দূতাবাসের ডিপুটি হেড অব মিশন দিপক ইলমার, টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক এবং পুলিশ সুপার মিজানুর রহমান উপস্থিত ছিলেন।


