নওগাঁর রাণীনগর-আত্রাই আঞ্চলিক মহাসড়কে মোটরসাইকেল ডাকাতির সময় ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় আরও পাঁচ ডাকাত পালিয়ে যান।
শনিবার সকালে থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকারিয়া মন্ডল এসব তথ্য জানান।
শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার গোনা মোড় নামক স্থানের ওই সড়কে ডাকাতি করার সময় জনগণের সহযোগিতায় তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, নওগাঁ সদর উপজেলার উত্তর সর্দারপাড়া গ্রামের ফয়সাল হোসেন (২১), বগুড়া জেলার আদমদীঘি উপজেলার ছাতিয়ান গ্রামের সানা মন্ডল (২২) এবং একই গ্রামের রাব্বি হাসান (১৯)।
ওসি জাকারিয়া মন্ডল বলেন, ‘শুক্রবার রাতে মাহবুব নামের এক মোটরসাইকেল আরোহী রাণীনগর-আত্রাইগামী আঞ্চলিক মহাসড়কের গোনা মোড় এলাকায় পৌঁছামাত্র পিছন থেকে তিনটা মোটরসাইকেলে আটজন ডাকাত তাকে ধাওয়া করে। তবে মাহবুবের পেছনে থাকা যাত্রীর চিৎকারে স্থানীয় জনগণের পাশাপাশি পুলিশ এগিয়ে এলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে ধাওয়া দিয়ে উপজেলার খট্রেশ্বর এলাকা থেকে জনগণের সহযোগিতায় তিনজনকে গ্রেপ্তার করা হয়।’
‘এ সময় একজনের কাছ থেকে একটি ছুরি উদ্ধার করা হয়। গ্রেপ্তার এই তিনজন এক মোটরসাইকেলে ছিলেন। আর দুই মোটরসাইকেল নিয়ে আরও পাঁচ ডাকাত পালিয়ে গেছে’, যোগ করেন তিনি।
ওসি আরও বলেন, ‘তারা মূলত ডাকাতি করতেই এসেছিলেন। চালক মাহবুবকে ধরতে পারলে হয়তো মারধর করে তার মোটরসাইকেলটি ডাকাতি করে নিয়ে যেত। গ্রেপ্তার তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হবে। আর পালিয়ে যাওয়া পাঁচ ডাকাতকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।’


