সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজায় সার্বিক নিরাপত্তা নিশ্চিতে দেশজুড়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৪৩০ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে। সীমান্তবর্তী এলাকা এবং রাজধানী ঢাকাসহ সারাদেশের ২ হাজার ৮৫৭টি পূজামণ্ডপে দায়িত্ব পালন করবেন তারা।
শনিবার এক সংবাদ বিজ্ঞপিতে এ তথ্য জানান বিজিবি সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম।
সেখানে বলা হয়, এরই মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবির ২৪টি বেইজ ক্যাম্প স্থাপন করা হয়েছে। উৎসব চলাকালে আইনশৃঙ্খলা রক্ষা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে কাজ করছেন বিজিবি সদস্যরা।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিজিবির নিরাপত্তাধীন মোট ২ হাজার ৮৫৭টি পূজামণ্ডপের মধ্যে সীমান্তবর্তী (সীমান্তের আট কিলোমিটারের মধ্যে) এবং পার্বত্য এলাকার ১৫টি পূজামণ্ডপসহ ১ হাজার ৪১১টি এবং সীমান্তবর্তী এলাকার বাইরের ১ হাজার ৪৪৬টি পূজামণ্ডপ রয়েছে।

এর মধ্যে ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি করপোরেশন এলাকায় রয়েছে মোট ৪৪১টি; চট্টগ্রাম মহানগরী, রাউজান ও রাঙ্গুনিয়ায় মোট ৬৯৪টি এবং অন্যান্য স্থানে রয়েছে ৩১১টি পূজামণ্ডপ।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পূজা উপলক্ষে যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি শক্তিশালী করার পাশাপাশি সীমান্ত এলাকায় বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে।


