ঈদে মুক্তি পেলো ৬ চলচ্চিত্র, কোন ছবি কয়টি প্রেক্ষাগৃহে

ঈদে মুক্তি পেলো ৬ চলচ্চিত্র, কোন ছবি কয়টি প্রেক্ষাগৃহে
ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত ছয়টি চলচ্চিত্রের পোস্টার । ছবি: টাইমস কোলাজ
Advertisement
Advertisement

ঈদুল আজহা উপলক্ষে মুক্তি পেলো নতুন ছয়টি চলচ্চিত্র। এগুলো হলো– ‘তাণ্ডব’, ‘ইনসাফ’, ‘উৎসব’, ‘নীলচক্র’, ‘টগর’ ও ‘এশা মার্ডার: কর্মফল’। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে শনিবার থেকে এই ছয়টি ছবির প্রদর্শনী হচ্ছে। তারকা উপস্থিতি, পোস্টার, গান, টিজার, ট্রেলারসহ বিভিন্নভাবে এগুলো ইতোমধ্যে আলোচিত হয়েছে। তাই প্রেক্ষাগৃহে দর্শকদের ভিড় দেখা যাবে বলে আশা করা হচ্ছে। জেনে নিন ঈদের ছবির টুকিটাকি।

‘তাণ্ডব’ চলচ্চিত্রের ‘লিচুর বাগানে’র দৃশ্যে শাকিব খান ও সাবিলা নূর । ছবি: আলফা-আই

১৩২টি প্রেক্ষাগৃহে ‘তাণ্ডব’
রায়হান রাফী পরিচালিত ‘তাণ্ডব’ মাল্টিপ্লেক্স ও একক পর্দা মিলিয়ে মুক্তি পেয়েছে ১৩২টি প্রেক্ষাগৃহে। সমসাময়িক সময়ে সবচেয়ে বেশিসংখ্যক প্রেক্ষাগৃহে মুক্তির ঘটনা এটাই। এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড প্রযোজিত ‘তাণ্ডব’ বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ‘ইউ’ (সব বয়সীদের জন্য প্রযোজ্য) সনদ পেয়েছে। এর দৈর্ঘ্য ২ ঘণ্টা ৯ মিনিট ৫২ সেকেন্ড। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান। তার সঙ্গে জুটি বেঁধেছেন ছোট পর্দার অভিনেত্রী সাবিলা নূর। এর মাধ্যমে এই নায়িকার অভিষেক হলো বড় পর্দায়। তাদের অভিনীত আলোচিত গান ‘লিচুর বাগানে’ ইউটিউবে দুটি চ্যানেল মিলিয়ে দেখা হয়েছে কোটি বার। ‘তাণ্ডব’ ছবির আরেক নায়িকা জয়া আহসান। তার চরিত্রটি একজন পুলিশ কর্মকর্তার। দীর্ঘ ১০ বছর পর আবারও শাকিবের সঙ্গে একফ্রেমে হাজির হলেন তিনি। ছবিটির গল্প লিখেছেন রায়হান রাফী। তার সঙ্গে যৌথভাবে চিত্রনাট্য তৈরি করেছেন আদনান আদিব খান। ‘তাণ্ডব’ সহ-প্রযোজনা করেছে ওটিটি প্ল্যাটফর্ম চরকি। সহযোগিতায় দীপ্ত টিভি।

‘ইনসাফ’ চলচ্চিত্রের দৃশ্যে মোশাররফ করিম, তাসনিয়া ফারিণ ও শরিফুল রাজ । ছবি: তিতাস কথচিত্র

প্রাপ্তবয়স্কদের জন্য ‘ইনসাফ’
ছোট পর্দার নির্মাতা সঞ্জয় সমদ্দার গত বছর পশ্চিমবঙ্গের ‘মানুষ’ ছবির মাধ্যমে বড় পর্দার জন্য প্রথমবার কাজ করেন। দেশে তার পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘ইনসাফ’ মুক্তি পেলো ১৬টি প্রেক্ষাগৃহে। এরমধ্যে মাল্টিপ্লেক্সই বেশি। ছবিটিতে প্রথমবার জুটি বেঁধেছেন শরিফুল রাজ ও তাসনিয়া ফারিণ। এরমধ্যে শরিফুল রাজ একজন গ্যাংস্টার ও তাসনিয়া ফারিণ অভিনয় করেছেন পুলিশ কর্মকর্তার ভূমিকায়। দুই বাংলায় বড় পর্দায় আগেই অভিষেক হলেও নাচ-গান-অ্যাকশনে মোড়া মসলাদার বাণিজ্যিক ছবিতে এবারই প্রথম দেখা যাচ্ছে তাসনিয়া ফারিণকে। ‘আকাশেতে লক্ষ তারা ২.০’ গানে নাচের ঝড় তুলে দর্শকদের চমকে দিয়েছেন তিনি। চিত্রনায়িকা পপি অভিনীত ‘কুলি’ (১৯৯৭) ছবিতে ব্যবহৃত মিল্টন খন্দকারের হুকলাইন নিয়ে সাজানো হয়েছে গানটি। এতে শরিফুল রাজ ও অভিনেতা মোশাররফ করিমের উপস্থিতি দেখা গেছে। ছবিটিতে অন্যরকম একজন ডাক্তারের চরিত্রে বড় পর্দায় এসেছেন মোশাররফ করিম। তিতাস কথাচিত্রের ব্যানারে খোরশেদ আলম খসরু ও মো. আবুল কালাম প্রযোজিত ‘ইনসাফ’ বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ‘এ’ (প্রাপ্তবয়স্ক) সনদ পেয়েছে। এর দৈর্ঘ্য ২ ঘণ্টা ২৯ মিনিট ২৬ সেকেন্ড।

‘উৎসব’ চলচ্চিত্রের পোস্টার । ছবি: চরকি

সাত মাল্টিপ্লেক্সে ১১ তারকার ‘উৎসব’
সংবিধিবদ্ধ সতর্কীকরণ: পরিবার ছাড়া দেখা নিষেধ– এমন প্রতিপাদ্য নিয়ে ঢাকা ও চট্টগ্রাম মিলিয় সাতটি মাল্টিপ্লেক্সে মুক্তি পেলো ‘উৎসব’। তানিম নূরের পরিচালনায় এতে অভিনয় করেছেন দেশের প্রথম সারির একঝাঁক তারকা। তারা হলেন– জাহিদ হাসান, আফসানা মিমি, জয়া আহসান, চঞ্চল চৌধুরী, অপি করিম, তারিক আনাম খান, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, সুনেরাহ বিনতে কামাল, সৌম্য জ্যোতি ও সাদিয়া আয়মান। ১৮৪৩ সালে প্রকাশিত ব্রিটিশ সাহিত্যিক-সাংবাদিক চার্লস ডিকেন্সের ‘অ্যা ক্রিসমাস ক্যারল’ উপন্যাসে অনুপ্রাণিত ‘উৎসব’ ছবির গল্প এক কৃপণ ব্যক্তিকে কেন্দ্র করে। বিভিন্ন আত্মার সাক্ষাতের পর লোকটি ধীরে ধীরে বদলে যেতে থাকে। ছবিটির গল্প লিখেছেন তানিম নূর, আয়মান আসিব স্বাধীন, সুস্ময় সরকার ও সামিউল ভূঁইয়া। চিত্রনাট্য ও সংলাপ রচনায় আয়মান আসিব স্বাধীন ও সামিউল ভূঁইয়া। চিত্রগ্রহণ করেছেন রাশেদ জামান। ‘উৎসব’ প্রযোজনা করেছে ডোপ প্রোডাকশন্স, সহ-প্রযোজনায় চরকি। ছবিটির সহযোগী প্রযোজনা প্রতিষ্ঠান হিসেবে আছে লাফিং এলিফ্যান্ট।

আরও পড়ুন

‘নীলচক্র’ চলচ্চিত্রের পোস্টারে আরিফিন শুভ । ছবি: ফিল্ম ফায়োস

‘নীলচক্র’তে শুভ
চিত্রনায়ক আরিফিন শুভ দুই বছর পর বড় পর্দায় ফিরলেন। ‘নীলচক্র’তে পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন তিনি। এতে তার সঙ্গে জুটি বেঁধেছেন ‘কাজলরেখা’ তারকা মন্দিরা চক্রবর্তী। মিঠু খান পরিচালিত ছবিটিতে রয়েছে প্রযুক্তিনির্ভর প্রতারণার গল্প। যেমন, হুট করে ভাইরাল হয়ে যায় একের পর এক ব্যক্তিগত ভিডিও। ছবিটিতে আরো অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, দীপান্বিতা মার্টিন, শাহেদ আলী, টাইগার রবি, মনির আহমেদ শাকিল, প্রিয়ন্তী ঊর্বী, মাসুম রেজওয়ান, ডলার। ‘নীলচক্র’র চিত্রনাট্য লিখেছেন নাজিম উদ দৌলা ও মিঠু খান। ফিল্ম ফায়োস প্রোডাকশনের প্রযোজনায় নির্মিত ছবিটি নিবেদন করছে ফিল্ম লাইফ প্রোডাকশন। এর তিনটি গান প্রকাশিত হয়েছে। এগুলো গেয়েছেন বালাম, মাশা ইসলাম ও জালালি শাফায়েত।

আদর আজাদ ও পূজা চেরি । ছবি: এআর মুভি নেটওয়ার্ক

আদর-পূজা জুটির ‘টগর’
ছোট পর্দার আরেক নির্মাতা আলোক হাসান প্রথমবার বড় পর্দার জন্য কাজ করলেন। তার পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘টগর’ চলছে বিভিন্ন প্রেক্ষাগৃহে। এতে নাম ভূমিকায় আদর আজাদ ও জয়িতা চরিত্রে অভিনয় করেছেন পূজা চেরি। বড় পর্দায় দ্বিতীয়বারের মতো জুটি বেঁধেছেন তারা। এআর মুভি নেটওয়ার্ক প্রযোজিত ‘টগর’ বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ‘ইউ’ সনদ পেয়েছে। এর দৈর্ঘ্য ২ ঘণ্টা ২৩ মিনিট ৪৬ সেকেন্ড। ছবিটির ‘ও সুন্দরী’ গানে আদর-পূজার সঙ্গে পর্দায় নেচেছেন সংগীতশিল্পী ইমরান মাহমুদুল ও গায়িকা আতিয়া আনিসা। এবারই প্রথম বড় পর্দায় দেখা যাবে গানের দুই তারকাকে। রণক ইকরাম প্রযোজিত ছবিটিতে আরও অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, রোজী সিদ্দিকী, সুমন আনোয়ার, জোযন, এল আর খান সীমান্ত, শরিফুল প্রমুখ। ‘টগর’ ছবির পরিবেশনা অংশীদার হিসেবে আছে টাইগার মিডিয়া।

‘এশা মার্ডার: কর্মফল’ চলচ্চিত্রের দৃশ্যে আজমেরী হক বাঁধন । ছবি: কপ ক্রিয়েশন

বাঁধনের ‘এশা মার্ডার: কর্মফল’
চার বছর পর বড় পর্দায় ফিরছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ‘এশা মার্ডার: কর্মফল’ ছবিতে পুলিশের গোয়েন্দা কর্মকর্তা লিনা চরিত্রে অভিনয় করেছেন তিনি। এর গল্প জটিল একটি হত্যা রহস্যকে কেন্দ্র করে। কপ ক্রিয়েশনের প্রযোজনায় সানী সানোয়ার পরিচালিত ‘এশা মার্ডার: কর্মফল’ বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ‘ইউ’ সনদ পেয়েছে। এর দৈর্ঘ্য ২ ঘণ্টা ২৬ মিনিট ২৫ সেকেন্ড। ‘এশা মার্ডার: কর্মফল’ ছবিতে আরও অভিনয় করেছেন পূজা ক্রুজ, নিবিড় আদনান, মিশা সওদাগর, ফারুক আহমেদ, শরীফ সিরাজ, শতাব্দী ওয়াদুদ, সুষমা সরকার, হাসনাত রিপন, সরকার রওনক রিপন, শিল্পী সরকার অপু, এ কে আজাদ সেতু, মিশা শওদাগর ও সুমিত সেনগুপ্ত। টাইগার মিডিয়ার পরিবেশনায় ব্লকবাস্টার সিনেমাসসহ কয়েকটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ছবিটি। এর সহযোগী প্রযোজক বিঞ্জ ও লিডস এন্টারটেইনমেন্ট।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad