গাজীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে বিপুল পরিমাণ মালামালসহ ঝুটের অর্ধশতাধিক ছোট-বড় গুদাম পুড়ে গেছে। প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন পুরোপুরি নেভাতে রাত পর্যন্ত ডাম্পিংয়ের কাজ চালানো হয়। বৃহস্পতিবার বিকালে মহানগরীর কোনাবাড়ী এলাকার দেওয়ালিয়াবাড়ির কাঁঠালতলা এলাকায় এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, গাজীপুর মহানগরীর দেওয়ালিয়াবাড়ির কাঁঠালতলা এলাকায় ঝুটের ছোট-বড় দেড় শতাধিক গুদাম রয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে হঠাৎ আরিফ মুন্সীর ঝুটের গুদামে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের একাধিক গুদামে ছড়িয়ে পড়ে এবং ভয়াবহ রূপ ধারণ করে।
স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও তা ব্যর্থ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কোনাবাড়ী স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। তবে আগুন নিয়ন্ত্রণে আনতে না পারায় সারাবো স্টেশন, ডিবিএল স্টেশন ও ভোগড়া মডার্ন ফায়ার স্টেশনের আরও চারটি ইউনিট পর্যায়ক্রমে ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজে যোগ দেয়।
জয়দেবপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুন জানান, ফায়ার সার্ভিসের মোট ছয়টি ইউনিটের কর্মীরা প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুন পুরোপুরি নির্বাপণ নিশ্চিত করতে রাত পর্যন্ত ডাম্পিংয়ের কাজ চালানো হয়।
অগ্নিকাণ্ডে বিপুল পরিমাণ মালামালসহ ঝুটের অর্ধশতাধিক গুদাম পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আগুনের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নির্ণয় করা সম্ভব হয়নি।


