বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা ও অবকাঠামো উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্র।
বৃহস্পতিবার এক বার্তায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
১০ জুন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে নেতৃত্ব দেন দেশটির নবনিযুক্ত আন্ডার সেক্রেটারি অব এনার্জি মিস্টার কাইল হাউসভিট।
অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকে দুদেশের জ্বালানি নিরাপত্তা, অবকাঠামোগত উন্নয়ন এবং আধুনিক জ্বালানি প্রযুক্তির আদান-প্রদান নিয়ে ফলপ্রসূ ও বিস্তারিত আলোচনা হয়েছে।
বৈঠকে আমেরিকায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলামও উপস্থিত ছিলেন।
জ্বালানি খাতে সম্ভাব্য সহযোগিতা নিয়ে আলোচনার জন্য প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।


