শাহরুখ খানের শুটিং সেটে সুমাইয়া শিমুর ক্যারিয়ারের শুরু

শাহরুখ খানের শুটিং সেটে সুমাইয়া শিমুর ক্যারিয়ারের শুরু
অভিনেত্রী সুমাইয়া শিমু
Advertisement
Advertisement

জনপ্রিয় অভিনেত্রী সুমাইয়া শিমুর অভিনয় ক্যারিয়ার শুরু হয়েছিল ২৭ বছর আগে। তবে অভিনেত্রী পরিচয়ের আগে বিনোদন জগতে তার পথচলা শুরু হয়েছিল মডেলিংয়ের মাধ্যমে। ‘ব্রিজ বিউটি সোপ’ নামের একটি সাবানের বিজ্ঞাপনচিত্রের মাধ্যমে ক্যামেরার সামনে প্রথম দাঁড়িয়েছিলেন সুমাইয়া শিমু; মুম্বাইয়ে এই বিজ্ঞাপনচিত্রের শুটিং অনুষ্ঠিত হয়েছিল।

মাধুরী দীক্ষিত-শাহরুখ খান অভিনীত ‘আনজাম’ সিনেমায় শাহরুখ খানের চরিত্র বিজয় অগ্নিহোত্রীর যে বাড়ি দেখানো হয়েছিল, সেখানেই সুমাইয়া শিমুর ক্যারিয়ার শুরু হয়েছিল। ‘আনজাম’ সিনেমার তুমুল জনপ্রিয় ‘বাড়ি মুশকিল হ্যায়’ গানেও এই বাড়িটি দেখানো হয়।

এই চমকপ্রদ তথ্যটি সম্প্রতি সুমাইয়া শিমু শেয়ার করেছেন এ সময়ের অন্যতম জনপ্রিয় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-তে। শনিবার (১৩ জুন) রাত ৯টায় মাছরাঙা টেলিভিশন ও রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ একযোগে প্রচারিত হবে এই বিশেষ পডকাস্ট।

রুম্মান রশীদ খানের সঞ্চালনায় প্রথবারের মত পডকাস্টে অতিথি হয়ে এসে সুমাইয়া শিমু বলেন, বড় পর্দায় তাকে একবারই দেখা গিয়েছিল। ২০০৪ সালে মোস্তফা সরয়ার ফারুকীর ‘ব্যাচেলর’ সিনেমায় অতিথি চরিত্রে। পরবর্তীতে মতিন রহমান, এফ আই মানিক, শাহীন সুমনসহ আরো একাধিক চলচ্চিত্র নির্মাতা মূলধারার সিনেমায় অভিনয়ের প্রস্তাব করলেও সে সময় টিভি নাটকে ব্যস্ততার কারণে চলচ্চিত্র জগতে পা রাখেননি সুমাইয়া শিমু।

পিএইচডি ডিগ্রীধারী সুমাইয়া শিমু বর্তমানে উন্নয়নকর্মী হিসেবে নিজের প্রতিষ্ঠানের হয়ে মানুষের পাশে, বিশেষ করে নারীদের জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন। এ বিষয়ে না বলা অনেক বিস্ময়কর তথ্য সুমাইয়া শিমু শেয়ার করেছেন পডকাস্টে। জনপ্রিয় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ প্রযোজনা করছেন জেড আই ফয়সাল।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad