আইনি জটিলতা নিষ্পত্তি না করে তৃতীয় শ্রেণির বয়লার পরিচালনা লাইসেন্স দেওয়ার জন্য আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠেয় পরীক্ষা স্থগিতের দাবি জানিয়েছে বাংলাদেশ বয়লার পরিচারক কল্যাণ অ্যাসোসিয়েশন। দাবি না মানলে পরীক্ষাকেন্দ্র ঘেরাও এবং প্রধান বয়লার পরিদর্শক মোহাম্মদ আব্দুল মান্নানের পদত্যাগের দাবিতে বয়লার প্রধান কার্যালয় ঘেরাওয়ের কর্মসূচি দেওয়ার ঘোষণা দিয়েছে সংগঠনটি।
বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়। এতে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি রেজাউল করিম, সাধারণ সম্পাদক ইকবাল শামীম ও আইনজীবী মোহাম্মদ সাইফুর রহমানসহ অন্যরা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, বয়লার পরিচালনা বিধিমালা, ১৯৫৩ এবং ২০১০ সালে গেজেটে প্রকাশিত বিধিমালার আলোকে বয়লার পরিচারকেরা প্রথম ও দ্বিতীয় শ্রেণির সনদ নিয়ে বর্তমানে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত আছেন।
তবে ২০২২ সালে বয়লার আইন গেজেট আকারে প্রকাশিত হলে আইনের ৯ ধারায় সনদের পরিবর্তে বয়লার পরিচালনা লাইসেন্সের বিধান রাখা হয়। আইনের ১২ ধারায় লাইসেন্সকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয়; এই তিন শ্রেণিতে ভাগ করা হয়।
সংগঠনটির দাবি, আইনের ১২ ধারার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হলে ২০২২ সালে আদালত রুল জারির পাশাপাশি স্থিতাদেশ দেয়। কিন্তু মামলাটি নিষ্পত্তি না করেই বয়লার কর্তৃপক্ষ ২০২৫ সালে বয়লার নীতিমালা গেজেট আকারে প্রকাশ করে। একই সঙ্গে সনদ ও লাইসেন্সসংক্রান্ত বিরোধের রিট নিষ্পত্তির আগেই তৃতীয় শ্রেণির লাইসেন্স দেওয়ার জন্য পরীক্ষা আয়োজনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। আগামী ১৭ অক্টোবর এ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
লিখিত বক্তব্যে আরও বলা হয়, রিটের আবেদনকারী মো. সহিদুল ইসলাম পরীক্ষা স্থগিতের আবেদন করেছেন। এ ছাড়া রিটকারীদের পক্ষে আইনজীবী সাইফুর রহমান কর্তৃপক্ষকে আইনি নোটিশ দিয়েছেন। তবে এখনো কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি বলে দাবি করেছে সংগঠনটি।
সংগঠনটির ভাষ্য, প্রথম ও দ্বিতীয় শ্রেণির সনদ নিয়ে কর্মরত বয়লার পরিচারকেরা তাদের সনদকে দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির লাইসেন্সে রূপান্তরের সিদ্ধান্তে সংক্ষুব্ধ। রিট নিষ্পত্তির আগে তৃতীয় শ্রেণির নতুন লাইসেন্স দেওয়া হলে দ্বিতীয় শ্রেণির সনদধারীরা লাইসেন্সধারীদের তুলনায় জ্যেষ্ঠতা হারাতে পারেন। এতে চাকরির ক্ষেত্রে অস্থিরতা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।
এ অবস্থায় ১৭ অক্টোবরের পরীক্ষা স্থগিত না করা হলে আগামী রোববার পরীক্ষাকেন্দ্র ঘেরাও এবং প্রধান বয়লার পরিদর্শক মোহাম্মদ আব্দুল মান্নানের পদত্যাগের দাবিতে বয়লার প্রধান কার্যালয় ঘেরাও করা হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।


