আসন্ন নির্বাচনে গাইবান্ধা ৩ আসনের স্বতন্ত্র প্রার্থী আজিজার রহমানকে রংপুরে অজ্ঞান অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সন্ধ্যা ৭টায় নগরীর মর্ডান মোড় থেকে তাকে উদ্ধার করা হয়।
রংপুর মহানগর তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, ‘সন্ধ্যা ৭টায় স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মডার্ন মোড় থেকে আমরা এক ব্যক্তিকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করি। তার নাম আজিজার রহমান। তিনি গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর পলাশবাড়ী) আসনে সংসদ সদস্য পদের স্বতন্ত্র প্রার্থী।’
প্রাথমিক জিজ্ঞাসাবাদ থেকে পাওয়া তথ্যে পুলিশের এই কর্মকর্তা জানান, আজিজার রহমানের প্রার্থিতা বাতিল হয়ে গেলে ঢাকায় আপিলের পর তিনি প্রার্থিতা ফিরে পান। ঢাকা থেকে কুড়িগ্রামগামী পিংকি গাড়িতে করে গাইবান্ধার উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে সিরাজগঞ্জে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন। তারা তাকে ডিম খাইয়ে অজ্ঞান করেন। মর্ডান মোড়ে এসে তাকে গাড়ি থেকে নামিয়ে দেওয়া হয়। স্থানীয়রা অজ্ঞান অবস্থায় তাকে উদ্ধার করে পুলিশে খবর দেয়। পুলিশ তাকে উদ্ধার করে তাজহাট থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করছে।


