বাউল শিল্পী আবুল সরকারের মুক্তি এবং মাজার, দরগা-সাধু সম্প্রদায়সহ ভিন্নমতাবলম্বীদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে খুলনায় গণতান্ত্রিক ছাত্র জোটের বিক্ষোভ মিছিলে হামলা চালানো হয়েছে।
বুধবার বিকালে নগরীর শিববাড়ি মোড়ে মিছিলের ওপর এ হামলা চালায় কিছু বিক্ষুব্ধ মানুষ। তারা মিছিলকারীদের কাছ থেকে ব্যানার কেড়ে নিয়ে তাতে আগুন ধরিয়ে দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মিছিলের জন্য ব্যানার নিয়ে প্রস্তুত হলে ছাত্র ইউনিয়ন, বিপ্লবী যুব মৈত্রী ও বিপ্লবী ছাত্র মৈত্রীর নেতাদের ওপর হামলা চালানো হয়।
এতে জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক সজিব খান, মহানগর বিপ্লবী ছাত্র মৈত্রীর আহ্বায়ক মেহেদী হাসান রনি, বিপ্লবী ছাত্র মৈত্রী মহানগরের সদস্য ইয়াসির হামিদসহ পাঁচজন জন আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এ বিষয়ে খুলনার পুলিশ কমিশনার জুলফিকার আলী হায়দার বলেন, ‘আল্লাহকে নিয়ে “কটাক্ষকারীদের” সমর্থনে মিছিল বের করলে সাধারণ জনতা তাদেরকে সরে যেতে বলে। তবে তাদের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। হামলার কোনো ঘটনা ঘটেনি।’


