খুলনার রূপসায় চাঞ্চল্যকর ফখরুল ইসলাম (৩২) হত্যা মামলার প্রধান অভিযুক্ত ও শুটার ইব্রাহিম ওরফে কাটাপ্পাকে (৩৪) গ্রেপ্তার করেছে র্যাব-৬।
রোববার র্যাব-৬ এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার রাতে যশোর সদর উপজেলার সীতারামপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১২ আগস্ট রাতে নিহত ফখরুল ইসলাম রূপসা থানাধীন ‘মেসার্স রূপসা ব্রিকস’ নামের নিজেদের ইটভাটার অফিসে অবস্থান করছিলেন। এ সময় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজনের সহায়তায় তাকে উদ্ধার করে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ভাই ফরহাদ হোসেন বাদী হয়ে রূপসা থানায় একটি হত্যা মামলা করেন।
র্যাব জানায়, নিয়মিত মামলার পলাতক আসামি ও চাঞ্চল্যকর অপরাধীদের গ্রেপ্তারে র্যাবের ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে র্যাব-৬ (স্পেশাল কোম্পানি) এবং সিপিসি-৩ (যশোর ক্যাম্প) এর একটি যৌথ দল শনিবার রাত ৩টার দিকে যশোর সদর থানাধীন সীতারামপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে মামলার প্রধান অভিযুক্ত ইব্রাহিম ওরফে কাটাপ্পাকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইব্রাহিম এই হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। তিনি ঘটনার দিন নিহত ফখরুলকে পিস্তল দিয়ে গুলি করার কথা স্বীকার করেন এবং জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত অন্য সহযোগীদের নামও প্রকাশ করেছেন।
গ্রেপ্তারকৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা নিতে খুলনা জেলার রূপসা থানায় হস্তান্তর করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত বাকি অভিযুক্তদের গ্রেপ্তারে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীটি।


