মালয়েশিয়ায় ইন্দো-প্যাসিফিক আর্মি চিফস্ কনফারেন্স (আইপিএসিসি) শেষে শুক্রবার রাতে দেশে ফিরেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। গত ২২ সেপ্টেম্বর তিনি সরকারি সফরে মালয়েশিয়া যান।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে জানায়, ২৩-২৬ সেপ্টেম্বর সম্মেলনে ইন্দো-প্যাসিফিক অঞ্চলের বিভিন্ন দেশের সেনাপ্রধানরা অংশ নেন। মৈত্রী ও সহযোগিতা জোরদার, অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় মতবিনিময় এবং আঞ্চলিক সংকটে সমন্বিত পদক্ষেপ নেওয়ার বিষয়ে তারা আলোচনা করেন।

সম্মেলনে ওয়াকার-উজ-জামান ইন্দো-প্যাসিফিক অঞ্চলের বহুমাত্রিক চ্যালেঞ্জ মোকাবিলায় প্রতিযোগিতার পরিবর্তে অংশীদারত্ব ও সহযোগিতার উপর গুরুত্বারোপ করেন।
পাশাপাশি তিনি মানবিক দৃষ্টিভঙ্গি, পেশাদারিত্ব ও গঠনমূলক সম্পৃক্ততার মাধ্যমে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতায় বাংলাদেশ সেনাবাহিনীর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
মালয়েশিয়া সফরে যুক্তরাষ্ট্রের প্যাসিফিক কমান্ডের কমান্ডিং জেনারেল রোনাল্ড প্যাট্রিক ক্লার্ক এবং মালয়েশিয়ার সেনাবাহিনী প্রধান জেনারেল তান স্রি দাতো’ স্রি মুহাম্মদ হাফিজউদ্দেইন জান্তানের সঙ্গে আলাদা আলাদা সৌজন্য সাক্ষাৎ করেন জেনারেল ওয়াকার-উজ-জামান।
এ সময় তিনি বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধি, পেশাগত উন্নয়ন ও প্রশিক্ষণ, প্রতিরক্ষা উৎপাদনে প্রযুক্তি হস্তান্তর, রোহিঙ্গা প্রত্যাবাসন, আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা বিষয়ক পারস্পরিক সহযোগিতা এবং যৌথ প্রশিক্ষণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।


