জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের আমৃত্যু কারাদণ্ডের বিরুদ্ধে প্রসিকিউশনের আপিলের ওপর ২৪ ফেব্রুয়ারি আপিল শুনানি অনুষ্ঠিত হবে।
রোববার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক শুনানির এই দিন ধার্য করেন। আবেদনটি চেম্বার আদালতের কার্যতালিকায় ছিল। আবেদনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।
এর আগে গত বছরের ১৫ ডিসেম্বর প্রসিকিউশন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আপিল করে। এতে মানবতাবিরোধী অপরাধের দায়ে হাসিনা ও কামালের যে অভিযোগে আমৃত্যু কারাদণ্ড হয়েছে, সেই অভিযোগে তাদের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল করা হয়। আপিলে সাজা বাড়াতে প্রসিকিউশন আটটি গ্রাউন্ড উল্লেখ করে।
এরও আগে ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ একটি অভিযোগে হাসিনা ও কামালকে মৃত্যুদণ্ড দেন। অন্য অভিযোগে তাদের আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়। এ মামলার অপর আসামি পুলিশের সাবেক আইজি চৌধুরী আবদুল্লাহ আল মামুন রাজসাক্ষী হয়ে অন্য দুই আসামির বিরুদ্ধে তথ্য-প্রমাণ দিয়ে বিচারে সহায়তা করায় ট্রাইব্যুনাল তাকে পাঁচ বছরের লঘুদণ্ড দেন।
গণআন্দোলনের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল পলাতক রয়েছেন। তাদের অনুপস্থিতিতেই বিচার কার্যক্রম সম্পন্ন হয়।


