বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম কার্যালয়ের একজন যুগ্ম পরিচালককে নগরীর উত্তর আগ্রাবাদ এলাকার ভাড়া বাসায় ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। বুধবার রাত ১০টার দিকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নিহতের নাম মোহাম্মদ সায়েদুর রহমান (৫৫)। সায়েদুর তার স্ত্রী ও তিন মেয়েকে নিয়ে ওই ভাড়া বাসায় থাকতেন। প্রায় দুই বছর আগে পদোন্নতি পেয়ে সায়েদুর বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম কার্যালয়ে যুগ্ম পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
তার সহকর্মীরা জানান, বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত তিনি কর্মস্থলে সহকর্মী কর্মকর্তাদের সঙ্গে একটি বৈঠকে ছিলেন। বৈঠকের সময় তাকে স্বাভাবিক ও হাস্যোজ্জ্বল দেখা গেছে।
হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল জানান, সায়েদুর সন্ধ্যায় অফিস থেকে বাসায় ফেরেন। সে সময় বাসায় আর কেউ ছিলেন না। রাত ১০টার দিকে তার স্ত্রী বাসায় ফিরে দেখতে পান, সায়েদুর সিলিং ফ্যানের সঙ্গে গলায় দড়ি পেঁচানো অবস্থায় ঝুলছেন।
জয়নাল আবেদীন আরও বলেন, ‘প্রাথমিকভাবে আমরা নিশ্চিত হয়েছি যে তিনি আত্মহত্যা করেছেন। এর বাইরে অন্য কোনো বিষয় থাকলে তা ময়নাতদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে। আমরা তদন্ত শুরু করেছি।’


