উপকূলে বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে মাছধরার ট্রলার ডুবে দুই জেলের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও দুই জেলে নিখোঁজ রয়েছেন। এ ছাড়াও চারজন জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার ভোরে কক্সবাজার শহরের নাজিরারটেক উপকূলের কাছে মহেশখালীর সোনাদিয়া চ্যানেলের পশ্চিমে এই দুর্ঘটনা ঘটে।
নিহত দুই জেলে হলেন মহেশখালী উপজেলার কুতুবজুম ইউনিয়নের খোন্দকারপাড়ার মোক্তাল হোসেনের ছেলে ফয়েজ আহমেদ ও একই ইউনিয়নের মেহেরিয়া পাড়ার সোহাগ মিয়ার ছেলে সাইফুল ইসলাম। এখনো নিখোঁজ রয়েছেন একই ইউনিয়নের নুরুল আলম ও মুহিব উল্লাহ।
স্থানীয় জেলেরা জানিয়েছেন, মহেশখালীর কুতুবজোম ইউনিয়ন এলাকার বাসিন্দা ফরিদুল আলমের মালিকানাধীন এফবি তাহসিন নামের মাছধরার ট্রলারটিতে কয়েকজন জেলে মঙ্গলবার রাতে সাগরে মাছ ধরতে যান। বৃহস্পতিবার ভোররাতে নাজিরারটেক উপকূলের কাছে সোনাদিয়া চ্যানেলের পশ্চিমে পৌঁছালে আকস্মিক ঝড়ের কবলে পড়ে ট্রলারটি উল্টে যায়।
দুর্ঘটনার পর আশপাশে থাকা জেলেরা ডুবে যাওয়া ট্রলারের জেলেদের উদ্ধারে তৎপরতা শুরু করেন। একপর্যায়ে ফয়েজ আহমেদ ও সাইফুল ইসলামের মরদেহ উদ্ধার করা হয়। তবে নুরুল আলম ও মুহিব উল্লাহ নামে দুই জেলের সন্ধান মেলেনি। তাদের উদ্ধারে স্থানীয় জেলেরা সাগরে তৎপরতা চালিয়ে যাচ্ছেন।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সুলতান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভোর ৩টার দিকে সোনাদিয়া চ্যানেলের পশ্চিমে ঝড়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। কয়েকজন জেলে নিরাপদে উঠতে পারলেও চারজন নিখোঁজ ছিলেন। পরে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো দুজন নিখোঁজ রয়েছেন।


