কক্সবাজারে প্রায় দুই হাজার আইফোন ও ল্যাপটপসহ চীন ও তাইওয়ানের ছয়জন নাগরিককে আটক করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে অনলাইন প্রতারণার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে বলে দাবি করা হচ্ছে।
কক্সবাজার শহরের আবাসিক হোটেল সী-প্যালেস থেকে বৃহস্পতিবার রাতে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) অহিদুর রহমান।
গ্রেপ্তার হওয়া ছয়জন হলেন চীনা নাগরিক জু ইয়াংফান, ইয়ান চ্যাংচেং, জু হাইয়াং, উ জিয়ান জিওন ও জাং জেমিং এবং তাইওয়ানের নাগরিক ওয়েই চিং ওয়েন।
পুলিশ বলছে, রামু থানায় দায়ের করা একটি অভিযোগের সূত্র ধরে ঢাকা পুলিশের তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
তাদের কাছে ১ হাজার ৯৩৮টি আইফোন এবং ৩০ থেকে ৪০টির মতো ল্যাপটপ পাওয়া গেছে। এ ছাড়া বিদেশি পুলিশের ব্যবহৃত যোগাযোগ সরঞ্জামের মতো কিছু জিনিসও উদ্ধার করা হয়েছে।
পুলিশ কর্মকর্তা অহিদুর রহমান বলেন, আটকদের বিরুদ্ধে মামলা হয়েছে। অভিযোগের ধরন অনলাইন প্রতারণা এবং সাইবার অপরাধের সঙ্গে সম্পর্কিত।
তবে মামলার নম্বর, আসামিদের নাম ও সুনির্দিষ্ট অভিযোগ সম্পর্কে বিস্তারিত তথ্য দিতে পারেননি এই পুলিশ কর্মকর্তা। এদিকে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আনোয়ারুল হোসাইনের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
পরে রামু থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অরূপ কুমার চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনিও ওসির সঙ্গে যোগাযোগ করতে বলেন।
অন্যদিকে নাম প্রকাশ না করার শর্তে পুলিশের এক কর্মকর্তা জানান, কক্সবাজারে এই ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকতে পারেন আরও অনেক বিদেশি নাগরিক।
তার দাবি, প্রায় ২০০ থেকে ৩০০ জন চীনা ও তাইওয়ানি নাগরিক কক্সবাজারের মেরিন ড্রাইভের দুটি হোটেল ভাড়া নিয়ে অবস্থান করে অনলাইনভিত্তিক প্রতারণামূলক কর্মকাণ্ড চালাচ্ছিলেন বলে অভিযোগ আছে। তাদের আটক করতে অভিযান চলমান রয়েছে।
তবে এত বিপুলসংখ্যক বিদেশি নাগরিকের সংশ্লিষ্টতা কিংবা তাদের বিরুদ্ধে কী ধরনের অভিযোগ রয়েছে, সে বিষয়ে বিস্তারিত কোনো বক্তব্য পাওয়া যায়নি।
হোটেল সী-প্যালেস কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৬ আগস্ট চীনা নাগরিকদের একটি দল হোটেলটিতে ওঠে। বৃহস্পতিবার রাতে পুলিশের অভিযানের সময় তাদের কয়েকজনকে আটক করা হয়।
তবে তারা কী উদ্দেশ্যে কক্সবাজারে এসেছিলেন কিংবা হোটেলে অবস্থান করে কী ধরনের কর্মকাণ্ড চালাচ্ছিলেন, সে বিষয়ে হোটেল কর্তৃপক্ষ কোনো মন্তব্য করেনি।


