ক্ষমতার বিকেন্দ্রীকরণ না হলে নতুন হাসিনা তৈরি হবে: মামুনুল হক

ক্ষমতার বিকেন্দ্রীকরণ না হলে নতুন হাসিনা তৈরি হবে: মামুনুল হক
নওগাঁ সদর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন মামুনুল হক। ছবি: টাইমস
Advertisement
Advertisement

ক্ষমতার বিকেন্দ্রীকরণ না হলে নতুন করে শেখ হাসিনা তৈরি হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক।

তিনি বলেছেন, বর্তমান রাজনৈতিক ও সাংবিধানিক কাঠামোয় ক্ষমতার কেন্দ্রীকরণ অব্যাহত থাকলে ভবিষ্যতে যে-ই ক্ষমতায় আসুক, একসময় তিনি শেখ হাসিনার মতো স্বৈরাচারী হয়ে উঠতে পারেন। তাই রাষ্ট্রক্ষমতার বিকেন্দ্রীকরণ এবং প্রশাসনকে দলীয় প্রভাবমুক্ত করা জরুরি।

শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে নওগাঁ সদর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গণভোটের রায় বাস্তবায়ন, তেল-বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।

মামুনুল হক বলেন, ‘আজ বাংলাদেশে যে সংবিধান ও রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠিত আছে, এই রাজনৈতিক ব্যবস্থার মধ্য দিয়ে যে-ই ক্ষমতায় যাবে, পাঁচ-দশ বছর পর সেই হাসিনায় পরিণত হবে। কারণ সমস্ত ক্ষমতা কুক্ষিগত করে এক ব্যক্তির হাতে তুলে দেওয়া হয়েছে।’

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আমরা আপনাকে শেখ হাসিনার মতো পরিণতি বরণ করতে দেখতে চাই না। তাই আমরা আপনাকে সতর্ক করছি।’

জুলাই সনদের প্রসঙ্গ তুলে ধরে মামুনুল হক বলেন, এক ব্যক্তির হাতে থাকা ক্ষমতা কমিয়ে তা বিকেন্দ্রীকরণের প্রস্তাব দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ ক্ষমতা নিয়ে রাষ্ট্রপতির হাতে দেওয়ার কথা বলা হয়েছে। তার ভাষায়, বর্তমানে রাষ্ট্রপতির হাতে কার্যকর ক্ষমতা নেই। রাষ্ট্রপতির হাতে কিছু ক্ষমতা থাকা প্রয়োজন।

আরও পড়ুন

বিচার বিভাগের সংস্কারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তিনি বলেন, বিচার বিভাগ ও বিচার বিভাগ-সংক্রান্ত ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে বা নির্বাহী বিভাগের অধীনে থাকা উচিত নয়। এসব ক্ষমতা প্রধান বিচারপতির নেতৃত্বে একটি বিচার বিভাগীয় কমিশনের হাতে থাকা উচিত।

প্রশাসন দলীয়করণের সমালোচনা করে মামুনুল হক বলেন, ক্ষমতাসীনরা প্রশাসনকে দলীয়করণ করে থাকে। এর ফলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও রাজনৈতিক প্রভাবের বাইরে থেকে কাজ করতে পারে না।

তিনি বলেন, ‘বিগত সরকারের আমলে সবাই বলত—আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের পরে হলো পুলিশ লীগ। অথচ পুলিশ জনগণের বন্ধু হওয়ার কথা। দেশের কল্যাণে ও আইনশৃঙ্খলা রক্ষায় তাদের নিরপেক্ষভাবে কাজ করার কথা।’

বর্তমান সরকারের সময়ও যেন একই ধরনের পরিস্থিতির পুনরাবৃত্তি না ঘটে, সে বিষয়ে সতর্ক করে তিনি বলেন, ‘জাতীয়তাবাদী দল, জাতীয়তাবাদী যুবদল, জাতীয়তাবাদী ছাত্রদলের পরে জাতীয়তাবাদী পুলিশ দল হবে—বাংলার মানুষ সেই দৃশ্য আর দেখতে চায় না।’

প্রশাসনকে দলীয়করণমুক্ত করতে সরকারি নিয়োগব্যবস্থায় সংস্কারের ওপর গুরুত্ব দেন তিনি। তার মতে, একটি নিরপেক্ষ ও আস্থাভাজন পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে সরকারি নিয়োগ নিশ্চিত করতে হবে। এতে দলীয়করণের পথ বন্ধ হয়ে মেধাবীরা রাষ্ট্রের প্রশাসনিক কাঠামো পরিচালনার সুযোগ পাবেন।

মামুনুল হক বলেন, জুলাই সনদের মূল লক্ষ্য হচ্ছে রাষ্ট্রক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা, প্রশাসনকে দলীয় প্রভাবমুক্ত করা এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে কার্যকর ও নিরপেক্ষ করা।

বাংলাদেশ খেলাফত মজলিস নওগাঁ জেলা শাখার সভাপতি মাওলানা ফজলুল হক শাহের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মুফতি ইসরাফিল আলমের সঞ্চালনায় সমাবেশে খেলাফত মজলিসের কেন্দ্রীয় কমিটির মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসনাত জালালী, রাজশাহী মহানগরীর সভাপতি মাওলানা জোবায়ের হোসাইনসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর