সম্প্রতি ধারাবাহিকভাবে সংগঠিত সহিংসতায় (মব ভায়োলেন্স) গণতান্ত্রিক মূল্যবোধ ও বাংলাদেশ আক্রান্ত হচ্ছে। এসব হামলাকে ‘নজিরবিহীন’ বলে উল্লেখ করেছে সম্পাদক পরিষদ ও নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)।
এই পরিস্থিতির প্রতিবাদ এবং স্বাধীন, দায়িত্বশীল ও সাহসী সাংবাদিকতার পক্ষে ঐক্যবদ্ধ অবস্থান জানাতে সংগঠন দুটি যৌথভাবে ‘গণমাধ্যম সম্মিলন ২০২৬’-এর আয়োজন করেছে।
আগামী শনিবার সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ঢাকার খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে এই সম্মিলন অনুষ্ঠিত হবে। এদিন সকাল সাড়ে ৯টা থেকে ১০টা পর্যন্ত উপস্থিতি ও নিবন্ধন কার্যক্রম চলবে।
নোয়াবের সভাপতি এ কে আজাদ ও সম্পাদক পরিষদের সভাপতি নুরুল কবীরের সই করা এক চিঠিতে সংশ্লিষ্টদের এই অনুষ্ঠানে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
চিঠিতে বলা হয়, গণমাধ্যমের গণতান্ত্রিক পরিবেশ ও স্বাধীনতা রক্ষা, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং গণমাধ্যমকর্মীদের পেশাগত মর্যাদা ও অধিকার সমুন্নত রাখার লক্ষ্যে এই সম্মিলনে উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
দায়িত্বশীল ও সাহসী সাংবাদিকতার পক্ষে একসঙ্গে দাঁড়ানোর এই আয়োজন সফল করতে গণমাধ্যমকর্মীদের উপস্থিতি কামনা করা হয়েছে।


