খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের সহকারী রেজিস্ট্রার ইউসূফ রায়হানের বিরুদ্ধে ডিসিপ্লিন প্রধান ও কোর্স কো-অর্ডিনেটরের স্বাক্ষর জাল করে প্রায় ১৮ লাখ টাকা আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে।
এক্সিকিউটিভ এমবিএ (ইএমবিএ) প্রোগ্রামের ফান্ডের এই অর্থ হাতিয়ে নিয়ে অভিযুক্ত কর্মকর্তা বর্তমানে পলাতক রয়েছেন।
সোমবার শিক্ষার্থীরা সেমিস্টার রেজিস্ট্রেশনের তথ্য যাচাই করতে গেলে এই জালিয়াতির তথ্য প্রকাশ্যে আসে। ভুক্তভোগী শিক্ষার্থীদের ভাষ্যমতে, তারা দীর্ঘ দিন ধরে সহকারী রেজিস্ট্রার ইউসূফ রায়হানের মাধ্যমেই সেমিস্টার ও পরীক্ষার ফি জমা দিয়ে আসছিলেন।
সম্প্রতি কয়েকজন শিক্ষার্থী তাদের রেজিস্ট্রেশন স্ট্যাটাস চেক করতে গিয়ে দেখেন, তাদের ফি জমা পড়েনি এবং কোর্স সম্পন্ন দেখাচ্ছে না। বিষয়টি তাৎক্ষণিকভাবে ডিসিপ্লিন কর্তৃপক্ষকে জানানো হলে থলের বিড়াল বেরিয়ে আসে।
শিক্ষার্থীরা জানান, প্রথম সেমিস্টার থেকেই দাপ্তরিক আস্থার জায়গা থেকে তার কাছে টাকা জমা দিয়ে আসছিলেন তারা। এমন নজিরবিহীন বিশ্বাসভঙ্গের ঘটনায় সাধারণ শিক্ষার্থীরা চরম ক্ষুব্ধ ও মর্মাহত।
ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের প্রধান মো. নূর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, অভিযুক্ত সহকারী রেজিস্ট্রার ডিসিপ্লিন প্রধান এবং কোর্স কো-অর্ডিনেটরের স্বাক্ষর জাল করে ব্যাংক থেকে বিভিন্ন সময়ে টাকা তুলে নিয়েছেন। এই অর্থের মধ্যে শিক্ষার্থীদের সেমিস্টার ফি ও পরীক্ষার ফিসহ বিভিন্ন খাতের টাকা রয়েছে।
তিনি আরও জানান, ঘটনাটি খতিয়ে দেখতে ইতিমধ্যে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দ্রুতই তদন্ত প্রতিবেদন বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে হস্তান্তর করা হবে এবং সে অনুযায়ী কঠোর আইনি ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে, অভিযোগ ওঠার পর থেকেই সহকারী রেজিস্ট্রার ইউসূফ রায়হান কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। তার ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যাচ্ছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুততম সময়ের মধ্যে এই আর্থিক অনিয়মের সুরাহা করে দোষীকে আইনের আওতায় আনার প্রক্রিয়া শুরু করেছে।


