ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) প্রথম দিনের আপিল শুনানির মাধ্যমে ৫১ জন তাদের প্রার্থীতা ফিরে পেয়েছেন। মনোনয়নপত্র বাছাইয়ের সময় রিটার্নিং অফিসারগণ তাদের মনোনয়নপত্র বাতিল করেছিলেন।
প্রার্থীতা ফিরে পাওয়াদের মধ্যে আছেন কক্সবাজার-২ আসনে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ ও ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা।
নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার পরিচালক রুহুল আমীন মল্লিক এই তথ্য জানান।
শনিবার প্রথম দিনের শুনানিতে একজনের প্রার্থীতা বাতিল করেছে নির্বাচন কমিশন। তিনি হলেন ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে স্বতন্ত্র প্রার্থী সৈয়দ এ কে একরামুজ্জামান। রিটার্নিং অফিসার তার মনোনয়নপত্র বৈধ ঘোষণার পর তার প্রার্থীতা বাতিলের জন্য নির্বাচন কমিশনে আপিল করা হয়। অবশ্য এর আগেই শুক্রবার তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।
শনিবার সকালে শুরু হয়ে এ শুনানি বিকাল ৫টা পর্যন্ত চলে। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ের অডিটরিয়ামে এ শুনানি হয়। এতে স্থানীয় পর্যায়ে মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল করা প্রার্থী ও তাদের প্রতিনিধিরা অংশ নেন।
শুনানি শেষে ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ জানান, প্রথম দিনের ৭০টি আপিলের শুনানি অনুষ্ঠিত হয়। এর মধ্যে ৫২টি আপিল মঞ্জুর করা হয়েছে। ১৫টি আপিল নামঞ্জুর এবং ৩টি আপিল অপেক্ষমাণ রাখা হয়েছে।
নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়েছে। নির্বাচন কমিশনে ৫ জানুয়ারি আপিল গ্রহণ শুরু হয়ে ৯ জানুয়ারি (শুক্রবার) শেষ হয়। আপিল গ্রহণের শেষ দিনে (শুক্রবার) ১৭৬টি আপিল জমা হয়।
শনিবার শুরু হওয়া আপিল শুনানি ১৮ জানুয়ারি পর্যন্ত চলবে।


