খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোকসভায় যোগ দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, তার স্ত্রী জুবাইদা রহমান, মেয়ে জাইমা রহমান, খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শামিলা রহমানসহ পরিবারের সদস্যরা।
সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে আয়োজিত নাগরিক শোকসভা শুরু হয়েছে। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শোকসভায় বিশিষ্টজনরা বক্তব্য দেন।
শুক্রবার বেলা আড়াইটার পর ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউয়ে পূর্বনির্ধারিত এ সভা শুরু হয়। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠানস্থলে দুপুরের পর থেকেই আমন্ত্রিত অতিথিরা এসে উপস্থিত হন।
শোকসভায় যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যসহ দলের জ্যেষ্ঠ নেতারা। পাশাপাশি অনুষ্ঠানে আসেন বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকেরা।
অনুষ্ঠানে আসার জন্য আগে থেকে আমন্ত্রণপত্র পাঠানো হয় অতিথিদের জন্য। সেখানে আমন্ত্রণপত্র ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি।
শোকসভা ঘিরে নিরাপত্তায় রয়েছেন সেনাবাহিনী, পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), কোস্টগার্ড, আনসারসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পাশাপাশি নিরাপত্তার দায়িত্বে রয়েছেন বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা।
শোকসভা স্থলে মানুষের উপস্থিতি বাড়ার সঙ্গে সঙ্গে নিরাপত্তা জোরদার করা হয়। অনুষ্ঠানের শৃঙ্খলার দায়িত্বে রয়েছেন বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।


