বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে চিকিৎসার জন্য আপাতত লন্ডন নেওয়া হচ্ছে না। তাকে লন্ডন নেওয়ার জন্য কাতারের ব্যবস্থাপনায় এয়ার অ্যাম্বুলেন্সটি মঙ্গলবার ঢাকায় আসছে না।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের একটি সূত্র জানিয়েছে, জার্মানির এয়ার অ্যাম্বুলেন্স কর্তৃপক্ষ এফআই এভিয়েশন তাদের বিমানের ঢাকায় অবতরণ ও উড্ডয়নের অনুমতি প্রত্যাহারের আবেদন করেছে।
এর আগে, এফআই এভিয়েশন এয়ার অ্যাম্বুলেন্সটি মঙ্গলবার সকাল ৮টায় অবতরণ ও একই দিন রাত ৯টার দিকে খালেদা জিয়াকে নিয়ে উড্ডয়নের অনুমোদন নিয়েছিল। এয়ার অ্যাম্বুলেন্সটি জার্মানভিত্তিক প্রতিষ্ঠান এফআই এভিয়েশনের হলেও সেটি কাতারের আমিরের পক্ষ থেকে ভাড়া করা হয়েছিল।
বিএনপি সূত্রে জানা গেছে, খালেদা জিয়ার পরিবারের সদস্যরা আপাতত ঢাকাতেই তার চিকিৎসা চালিয়ে যাওয়ার পক্ষে মত দিয়েছেন।
খালেদা জিয়ার শারীরিক অবস্থার আরও কিছুটা উন্নতি হলে তাকে বিদেশে নেয়া হতে পারে। পূত্রবধূ ডা. জুবাইদা রহমান ঢাকায় এসে শাশুড়ির শারীরিক অবস্থা দেখার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিএনপির সূত্র।
খালেদা জিয়া বর্তমানে দেশি-বিদেশি ডাক্তারদের নিয়ে গঠিত মেডিকেল বোর্ডের অধীনে ঢাকার এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন আছেন।


