জামায়াতে ইসলামীর তীব্র সমালোচনা করেছেন দলটির একসময়ের মিত্র বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। একাত্তরে মুক্তিযুদ্ধে জামায়াতের অবস্থান, যুদ্ধাপরাধের জন্য ক্ষমা না চাওয়াসহ বিভিন্ন প্রসঙ্গে প্রশ্নও তোলেন তিনি।
রোববার বিকালে সাতক্ষীরার তেরখাদায় জাতীয়তাবাদী যুবদলের উপজেলা শাখা আয়োজিত যুব সমাবেশে এসব কথা বলেন তিনি। ‘যুব সমাজের অঙ্গীকার, ফেরাতে হবে ভোটের অধিকার’-এই প্রতিপাদ্য নিয়ে সমাবেশটির ইখড়ি কাটেঙ্গা হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হয়।
হাবিব উন নবী বলেন, ‘কোনোদিন জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে মুসলমান হতে হলে তাদের কাছ থেকে সার্টিফিকেট নেওয়া লাগবে। বিদেশি শক্তিকে খুশি করতে তারা লোগো পরিবর্তন করেছে। এরপর বললে হাফপ্যান্ট পরেও ঘুরবে তারা।’
তিনি বলেন, ‘যে দলটি ১৯৭১ সালে মুক্তিযোদ্ধাদের হত্যা করিয়েছে, মনোরঞ্জনের জন্য হানাদার বাহিনীর হাতে বাংলাদেশের মা-বোনদের তুলে দিয়েছে। জাতির কাছে ক্ষমা না চেয়ে কোন মুখে তারা ভোট চায়?’
তেরখাদা উপজেলা যুবদলের আহ্বায়ক মোল্লা হুমায়ুন কবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয় সম্পাদক আজিজুল বারী হেলাল, যুবদলের আহ্বায়ক এবাদুল হক রুবায়েদ, সদস্য সচিব নাজিমুজ্জামান জনি।
জেলার বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে দলের নেতা কর্মীরা সমাবেশে যোগ দেয়।


