বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নেই। সবাইকে নিয়ে এই ফিল্ড আমাদের তৈরি করতে হবে। আগামী ফেব্রুয়ারিতে এই নির্বাচন হতে হবে। না হলে দেশে সংকট দেখা দেবে।
তিনি বলেন, ‘কাউকে খোঁচা দেয়া বা কারও খোঁচার জবাব দেয়া সময় আমাদের নেই। পিআর নিয়ে আমাদের দাবি অব্যাহত। এই দাবি বাস্তবায়ন হবে জনগণের স্বার্থে। এমনকি আমরা ক্ষমতায় গেলে সেই দাবি আমরা বাস্তবায়ন করব।’
শনিবার বিকালে চট্টগ্রামের প্যারেড মাঠে উপস্থিত হয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘আমরা এখন স্থানীয় সরকার নির্বাচনের কথা বলছি না। এই সীমিত সময়র মধ্যে এই নির্বাচন আয়োজন করা সম্ভব নয়। অবাস্তব কোনো দাবি পেশ করব না।’
শফিকুর রহমান বলেন, রাজনৈতিক কোনো জোট করা হবে না, নির্বাচনে কেন্দ্রিক সমঝোতা হবে। ‘আমি চট্টগ্রামে জামায়াতের বিজয়ের কোনো বার্তা দেব না, আমি সবসময় জনগণের বিজয়ের বার্তা দিতে চাই।’
তিনি বলেন, নির্বাচনের দিন গণভোটকে ভালোভাবে দেখছে না জামায়াত। নির্বাচনের দিন গণভোট হলে নির্বাচনের জেনোসাইড হওয়ার আশঙ্কা রয়েছে।
জামায়াতের আমির রহমান বিকালে হেলিকপ্টারযোগে ঐতিহাসিক প্যারেড ময়দানে অবতরণ করেন। সেখান থেকে সড়কপথে তিনি আকবর শাহ থানার আল জামিয়াতুল ইসলামিয়ার মাদ্রাসার বার্ষিক সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েন। মাহফিলে ধর্ম উপদেষ্টা আ ফ ম খালেদ হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মামুনুল হকসহ অনেকে উপস্থিত ছিলেন।
এর আগে জামায়াতের আমিরকে ফুল দিয়ে বরণ করে নেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান, নগর জামায়াতের আমির মুহাম্মদ নজরুল ইসলাম, উত্তর জেলা আমির আলাউদ্দিন সিকদার, দক্ষিণ জেলার আমির আনোয়ারুল আলম চৌধুরী, নগর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনসহ জামায়াত মনোনীত এমপি প্রার্থীরা। এ ছাড়া হাজার হাজার নেতাকর্মী উপস্থিত হয়ে তাকে শুভেচ্ছা জানান।


