নিজেদের যোগ্য করে গড়ে তুলতে শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার। তিনি বলেন, ‘সময় এসেছে শিক্ষার্থীদের ক্লাসরুমে ফিরে যাওয়ার। একটি মেধাবী জাতি ও বৈষম্যহীন সমাজ বিনির্মাণের জন্য নিজেকে যোগ্য করে গড়ে তুলে স্বনির্ভর দেশ গড়ার কারিগর হিসেবে দ্বায়িত্ব নেওয়ার।’
শনিবার হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানের বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘ফ্যাসিবাদী শাসক শ্রেণির সব বর্বরতা উপেক্ষা করে সাধারণ জনগণ শিক্ষার্থীদের নেতৃত্বে বিজয় ছিনিয়ে এনেছে। ফ্যাসিবাদী শক্তির দমননীতি অতিক্রম করে শিক্ষার্থীরা যে সাহস, মনোবল ও দেশপ্রেম প্রদর্শন করেছে তা ইতিহাসে অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।’
অনুষ্ঠানের শুরুতে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ এবং ২০২৪-এর গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। ছাত্রজীবনে তেভাগা আন্দোলনের নেতা হাজী মোহাম্মদ দানেশের সান্নিধ্য লাভের সুযোগ হয়েছিল বলে জানান শিক্ষা উপদেষ্টা।
উচ্চশিক্ষার মানোন্নয়নের জন্য সরকারের উদ্যোগ সম্পর্কে শিক্ষা উপদেষ্টা বলেন, ‘দেশের সীমিত সম্পদের মধ্যেও গবেষণা উন্নয়নে বর্তমান সরকার যুগান্তকারী উদ্যোগ নিয়েছে।’
শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে গবেষণা কার্যক্রম জোরদার করার বিষয়ে শিক্ষকদের প্রতি আহ্বান জানান তিনি।
বিশ্ববিদ্যালয়টিতে দ্বিতীয়বারের মতো আয়োজিত এ সমাবর্তন অনুষ্ঠানে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি মিলিয়ে আট হাজারেরও বেশি শিক্ষার্থীকে সনদ প্রদান করা হয়।
সমাবর্তনে বক্তব্য দেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। এ ছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক মোহাম্মদ তানজিমউদ্দিন খান, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. এনামউল্যা।


