ক্যাম্পের বাইরে বসবাসরত ১৮ রোহিঙ্গা আটক

ক্যাম্পের বাইরে বসবাসরত ১৮ রোহিঙ্গা আটক
ক্যাম্পের বাইরে অবৈধভাবে বসবাসকারী আটক রোহিঙ্গাদের একাংশ। ছবি: র‍্যাবের মিডিয়া উইং
Advertisement
Advertisement

কক্সবাজারের উখিয়ায় ক্যাম্পের বাইরে অবৈধভাবে বসবাস করা ১৮ রোহিঙ্গাকে আটক করেছে র‌্যাব। আটককৃতদের মধ্যে ১২ জন পুরুষ এবং ছয়জন নারী।

উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী মরা গাছতলা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে আটক করে র‌্যাব-১৫।

র‌্যাব জানায়, সম্প্রতি রোহিঙ্গারা ক্যাম্পের বাইরে বিভিন্ন বাসা ভাড়া নিয়ে খুন, ছিনতাই, ডাকাতি, মাদকপাচার, অপহরণসহ নানা ধরনের অপরাধে জড়িয়ে পড়ছে। এতে কক্সবাজারসহ আশপাশের এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতির ক্ষতি হচ্ছে। এ কারণে র‌্যাব-১৫ নিয়মিত অভিযান পরিচালনা করছে।

এরই ধারাবাহিকতায় শনিবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে র‍্যাব-১৫ সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের একটি দল উখিয়ার বালুখালী মরা গাছতলা এলাকায় বিভিন্ন ভাড়া বাসায় অভিযান চালিয়ে অবৈধভাবে অবস্থানকারী পাঁচ পরিবারের মোট ১৮ রোহিঙ্গাকে আটক করে।

আরও পড়ুন

কক্সবাজার র‍্যাব-১৫ এর অধিনায়ক লে. কর্নেল মো. কামরুল হাসান বলেন, ‘রোহিঙ্গারা ক্যাম্পের বাইরে অবৈধভাবে বসবাসের কারণে বিভিন্ন অপরাধ চক্রের সঙ্গে মিশে যাচ্ছে। এতে এলাকার আইনশৃঙ্খলা ঝুঁকিতে পড়ছে। র‌্যাব এ বিষয়ে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে।’

ক্যাম্পের বাইরে রোহিঙ্গাদের অবৈধভাবে বসবাস ও অবস্থান রোধে নিয়মিত অভিযান চলবে জানিয়ে তিনি বলেন, ‘যারা রোহিঙ্গাদের অবৈধভাবে বাসা ভাড়া দিচ্ছে সে সমস্ত বাড়িওয়ালাদেরও আইনের আওতায় আনা হবে।’

তিনি আরও জানান, পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আটককৃতদের উখিয়া থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad