ক্ষমতায় গেলে বিএনপি কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করবে বলে আশ্বাস দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার কান্দরপাড়া এলাকায় নির্বাচনী গণসংযোগে তিনি এ আশ্বাস দেন।
মির্জা ফখরুল বলেন, ‘আমরা কাজে বিশ্বাস করি। আমরা আপনাদের ফ্যামিলি কার্ড দেব। যা হবে মা-বোনদের অস্ত্র। এ কার্ড দিয়ে চাল-ডাল পাওয়া যাবে। স্বাস্থ্য ও শিক্ষা সেবা পাওয়া যাবে। কৃষি কার্ডের মাধ্যমে ন্যায্যমূল্যে সার-বিষ পাওয়া যাবে। আমরা ক্ষমতায় এলে এক কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা হবে। নারীদের আরও সুযোগ সুবিধা দেওয়া হবে।’
সংখ্যালঘুদের নিরাপত্তা শঙ্কা নিয়ে তিনি বলেন, ‘হিন্দু সম্প্রদায়ের ভাই-বোনেরা যে ভয়টা পান, সেটা পাবেন না। আমরা সবাই সমান। একই দেশের অধিবাসী। আমরা আপনাদের শান্তি ও নিরাপত্তার ব্যবস্থা করব।’
বিএনপি মহাসচিব বলেন, ‘আগে নৌকা আর ধানের শীষ, দুইটা পক্ষ থাকত। এবার নৌকাটা আর নাই। রাজনীতিতে বিভিন্ন সমস্যার কারণে নৌকা আমাদের কাছে নাই। নতুন একটা দল নতুন মার্কা দাঁড়িপাল্লা নিয়ে এসেছে। তবে ধানের শীষই পরিচিত মার্কা।’
তিনি আরও বলেন, ‘পাকিস্তানের সঙ্গে আমাদের যুদ্ধ হয়েছিল। আমরা দেশ ছেড়ে যায়নি ৷ যুদ্ধ করে স্বাধীন করেছি। জামায়াত দাঁড়িপাল্লা নিয়ে ভোটের জন্য আসছে। তারা স্বাধীনতার বিরোধিতা করেছিল। আপনাদের বাড়ি ছেড়ে চলে যেতে হয়েছিল। তারা লুটও করেছে। কিন্তু আমরা স্বাধীনতার পক্ষে কথা বলি।’
এসময় সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদসহ অন্যান্য নেতাকর্মী সমর্থকেরা উপস্থিত ছিলেন।


