কুষ্টিয়ার দৌলতপুরে মাজার ভাঙচুর ও ‘পীর’ শামীম রেজা জাহাঙ্গীর হত্যা এবং রাজধানীর শাহবাগে নাগরিক ও শিক্ষকদের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে গণতান্ত্রিক অধিকার কমিটি। রোববার এক বিবৃতিতে সংগঠনটি এসব ঘটনার প্রতিবাদ জানিয়ে জড়িতদের বিচার দাবি করেছে।
বিবৃতিতে সংগঠনটি জানিয়েছে, দিনের আলোতে মানুষ হত্যা ও নাগরিক অধিকার ক্ষুণ্নের ঘটনায় তারা উদ্বিগ্ন। কুষ্টিয়ার ফিলিপনগরে শামীম রেজার আস্তানায় হামলা ও তাকে হত্যার ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে তারা।
বিবৃতিতে আরও অভিযোগ করা হয়, গত শুক্রবার সন্ধ্যায় শাহবাগে একটি মিছিল থেকে লিঙ্গ বৈচিত্র্যের মানুষদের লক্ষ্য করে উসকানিমূলক স্লোগান দেওয়া হয়েছে। ওই সময় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক ও তার বন্ধুদের ওপর শারীরিক হামলা ও শ্লীলতাহানির চেষ্টা করা হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
সংগঠনটির দাবি, শাহবাগ থানার সামনে এই ঘটনা ঘটলেও পুলিশ কার্যকর সহায়তা করেনি।
গণতান্ত্রিক অধিকার কমিটির মতে, সম্প্রতি দেশে মব জাস্টিস বা গণপিটুনির প্রবণতা বেড়েছে। বিবৃতিতে দাবি করা হয়, নতুন সরকার দায়িত্ব নিলেও এ ধরণের সহিংসতা রোধে কার্যকর পদক্ষেপের অভাব রয়েছে। এমনকি শাহবাগের ঘটনায় মামলা করতে গিয়েও ভুক্তভোগীরা অসহযোগিতার শিকার হয়েছেন বলে অভিযোগ করা হয়েছে।
মাঠ পর্যায়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা তুলে ধরে কমিটির পক্ষ থেকে পাঁচটি সুনির্দিষ্ট দাবি জানানো হয়েছে।
দাবিগুলো হলো কুষ্টিয়ার হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত শনাক্ত করে শাস্তি নিশ্চিত করা। শাহবাগের ঘটনায় অভিযুক্তদের জবাবদিহির আওতায় আনা। ভিন্নমত ও লৈঙ্গিক বৈচিত্র্যের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা। ধর্মীয় দোহাই দিয়ে অস্থিতিশীলতা তৈরিকারীদের আইনের আওতায় আনা। সবার সাংবিধানিক অধিকার নিশ্চিত করা এবং আটক ব্যক্তিদের মুক্তি দেওয়া।


