টাঙ্গাইলে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী শাহিনুর রহমানকে (৩৭) মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
রোববার দুপুরে জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ হাফিজুর রহমান এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত শাহিনুর রহমান বাসাইল উপজেলার সামাদ মিয়ার ছেলে।
মামলার বিবরণ অনুযায়ী, ১৫ বছর আগে একই উপজেলার স্বপ্নার সঙ্গে শাহিনুরের বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল। ২০১৯ সালের ৫ অক্টোবর ভোরে কথাকাটাকাটির একপর্যায়ে স্বপ্নাকে গুরুতর আঘাত করে পালিয়ে যান শাহিনুর। স্থানীয়রা স্বপ্নাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের বাবা মুন্নান মিয়া বাদী হয়ে বাসাইল থানায় মামলা করেন। ১৩ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় ঘোষণা করেন।
কোর্ট পরিদর্শক আজহারুল ইসলাম জানান, রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।


