ইস্টার্ন ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ‘বিএসসি ইন ইইই’ প্রোগ্রামের ৩য় আইইবি-বিএইটিই (ওয়াশিংটন অ্যাকর্ড-স্বীকৃত) অ্যাক্রেডিটেশন নবায়ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার এ উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিনব্যাপী এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও অ্যালামনাইরা অংশগ্রহণ করেন। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ইস্টার্ন ইউনিভার্সিটির বিএসসি ইন ইইই প্রোগ্রামটি এর আগেও ধারাবাহিকভাবে দুইবার ওয়াশিংটন অ্যাকর্ড-স্বীকৃত আইইবি-বিএইটিই অ্যাক্রেডিটেশন লাভ করেছিল। এ বছর তৃতীয়বারের মতো প্রোগ্রামটির এই অ্যাক্রেডিটেশন নবায়ন হলো।
এর ফলে ২০২৬ সাল থেকে ২০৩২ সাল পর্যন্ত আগামী ছয় বছরের জন্য প্রোগ্রামটি এই আন্তর্জাতিক স্বীকৃতির আওতায় থাকবে। বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল শিক্ষার মানোন্নয়ন ও আন্তর্জাতিক মান ধরে রাখার ক্ষেত্রে এই অর্জনকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সম্মানজনক মাইলফলক হিসেবে বিবেচনা করা হচ্ছে।
দিনব্যাপী আয়োজনের শুরুতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি বর্ণাঢ্য আনন্দ র্যালি বের করা হয়। ইইই বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে র্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরবর্তীতে দুপুরে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে মূল অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইমেরিটাস অধ্যাপক ও সাবেক উপাচার্য এবং পাওয়ার গ্রিড বাংলাদেশের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. এম. রেজওয়ান খান।
অনুষ্ঠানে বক্তব্য দেন ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানী। এতে সভাপতিত্ব করেন ইস্টার্ন ইউনিভার্সিটির প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মাহফুজুর রহমান এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন ইইই বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. আবদুল্লাহ আল হুমায়ুন।
অনুষ্ঠানের সূচনা পর্বে বক্তব্য প্রদান করেন ইস্টার্ন ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর মো. শামসুল হুদা। তিনি ইইই বিভাগের এই গৌরবময় অর্জনের জন্য সংশ্লিষ্ট শিক্ষক, শিক্ষার্থী, অ্যালামনাই ও কর্মকর্তাদের অভিনন্দন জানান।
তিনি বলেন, আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন একটি প্রতিষ্ঠানের একাডেমিক উৎকর্ষ ও গুণগত মানের ধারাবাহিক উন্নয়নেরই বহিঃপ্রকাশ।
এরপর উপাচার্য প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানী ইইই বিভাগের তৃতীয়বারের মতো এই অ্যাক্রেডিটেশন নবায়নকে বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত গর্বের বিষয় হিসেবে উল্লেখ করেন।
তিনি বলেন, এ অর্জন শুধু একটি বিভাগের নয়; বরং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও অ্যালামনাইসহ সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টার ফল। ভবিষ্যতেও আন্তর্জাতিক মানের শিক্ষা ও গবেষণার মাধ্যমে ইস্টার্ন ইউনিভার্সিটিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. এম. রেজওয়ান খান ইইই বিভাগের অ্যাক্রেডিটেশন নবায়নের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, শিক্ষক ও শিক্ষার্থীদের অভিনন্দন জানান।
তিনি শিক্ষার্থীদের একাডেমিক জ্ঞান অর্জনের পাশাপাশি নৈতিকতা, দক্ষতা, নেতৃত্ব ও দেশপ্রেমের মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ গড়ে তোলার আহ্বান জানান। তার দিকনির্দেশনামূলক বক্তব্যে ভবিষ্যতের বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা করে দক্ষ প্রকৌশলী ও দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেদের প্রস্তুত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
প্রধান অতিথির দিকনির্দেশনামূলক বক্তব্যের পর তা থেকে শিক্ষা নিয়ে সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ার প্রত্যয়ে শিক্ষার্থীরা শপথ গ্রহণ করেন। ইস্টার্ন ইউনিভার্সিটির রেজিস্ট্রার ড. আবুল বাশার খান শিক্ষার্থীদের শপথ পাঠ করান। এ সময় শিক্ষার্থীরা হাত উঁচিয়ে শপথে অংশ নেন।
অনুষ্ঠানের একপর্যায়ে ইইই বিভাগ ও ইস্টার্ন ইউনিভার্সিটির পক্ষ থেকে প্রধান অতিথি অধ্যাপক ড. এম. রেজওয়ান খানকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
সমাপনী পর্বে প্রধান অতিথি এবং উপাচার্য প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানী শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে কেক কাটেন। এর মধ্য দিয়েই ইইই বিভাগের ৩য় আইইবি-বিএইটিই অ্যাক্রেডিটেশন নবায়নের এই বিশেষ অর্জনের উৎসবমুখর উদযাপন শেষ হয় বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।


