কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়ে ১১ জন ‘দালালকে’ গ্রেপ্তার করে ২০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার সকাল থেকে কুমিল্লা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নওরোজ কোরাইশি দৃপ্ত চিকিৎসাসহ মেডিকেলের সব স্তরে রোগীদের হয়রানির অভিযোগে এ অভিযান পরিচালনা করেন।
তিনি (নওরোজ কোরাইশি) জানান, র্যাব ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে মেডিকেল কলেজে দীর্ঘদিন ধরে রোগীদের বিভিন্নভাবে হয়রানি করার অভিযোগ ওঠে। পরে সোমবার দুপুরের মেডিকেলের বিভিন্ন অংশ থেকে প্রথমে ১৪ জনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর জড়িত ১১ জনকে ২০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
অভিযানে সার্বিক সহযোগিতায় থাকা কুমিল্লা র্যাব-১১ সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম জানান, মেডিকেল কলেজের দালাল কার্যক্রম যে পর্যায়ে পৌঁছেছে ওয়ার্ডবয় থেকে অ্যাম্বুলেন্স চালক পর্যন্ত সবাই দালালি কার্যক্রমে জড়িত। তাদের হাতে প্রতিদিন অসংখ্য রোগী ও স্বজনরা প্রতারিত হচ্ছেন।
মেডিকেল কলেজের দালাল শূন্যের কোটায় আনা এবং শৃঙ্খলা ফেরাতে র্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।


