কিশোরগঞ্জের অষ্টগ্রামে ধানের খলায় কাজ করার সময় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার স্ত্রীসহ দুই নারী আহত হয়েছেন।
শনিবার বেলা আড়াইটার দিকে উপজেলার কাস্তুল ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মহব্বত খাঁ (৪২) বাহাদুরপুর গ্রামের জমরুত খাঁর ছেলে। তিনি তিন সন্তানের জনক। আহতরা হলেন তার স্ত্রী রুমা বেগম (৩৬) এবং একই এলাকার মর্জিনা বেগম (৫০)।
আহত দুইজনকে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, রুমা বেগমের ডান হাত এবং মর্জিনা বেগমের দুই পা দগ্ধ হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, দুপুরে বাড়ির সামনে ধানের খলায় মহব্বত খাঁ ও তার স্ত্রী রুমা বেগম কাজ করছিলেন। এ সময় আকাশ মেঘাচ্ছন্ন ছিল। বৃষ্টির আশঙ্কায় তারা ধান স্তুপ করছিলেন।
হঠাৎ বজ্রপাত হলে মহব্বত খাঁ ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন এবং তার মৃত্যু হয়। এ সময় তার স্ত্রী রুমা বেগমও বজ্রাঘাতে আহত হন। এ ছাড়া, পাশেই থাকা মর্জিনা বেগম নামে আরেক নারীও আহত হন।
অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রোকনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।


