দুর্নীতি ও প্রতারণার অভিযোগে অনুসন্ধান চলমান থাকায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঢাকা মহানগর দক্ষিণের সহ-সম্পাদক কাজী এরতেজা হাসানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।
একই সঙ্গে সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের ঢাকার বিজয়নগর শাখার সাবেক শাখা ব্যবস্থাপক ইসলামুল হক, সাবেক এফভিপি খন্দকার নূরে ইমাম এবং সাবেক ট্রেইনি সহকারী অফিসার জান্নাতুল মাওয়া সুইটির দেশত্যাগেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
বুধবার দুদকের পৃথক দুই আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।
সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন জানান, কাজী এরতেজা হাসানের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন দুদকের উপসহকারী পরিচালক আবু মোহাম্মদ আনোয়ারুল মাসুদ।
আবেদনে বলা হয়, কাজী এরতেজা হাসানের বিরুদ্ধে দুর্নীতি ও প্রতারণার মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, তিনি দেশত্যাগের চেষ্টা করছেন। তিনি বিদেশে চলে গেলে অনুসন্ধান কার্যক্রম ব্যাহত হতে পারে। তাই তার বিদেশযাত্রা নিষিদ্ধ করা প্রয়োজন।
অপর তিনজনের দেশত্যাগে নিষেধাজ্ঞার আবেদন করেন দুদকের সহকারী পরিচালক আব্দুল মালেক।
আবেদনে উল্লেখ করা হয়, সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা ক্ষমতার অপব্যবহার করে একে অপরের সহযোগিতায় প্রকৃত হিসাবধারীকে আড়াল করে বেনামে হিসাব পরিচালনায় সহায়তা করেন এবং অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন না করে অনিয়ম করেন।
ব্যাংকের নীতিমালা অনুসরণ না করে অসৎ উদ্দেশ্যে ১৪ জনের নামে ২৩৪টি এফডিআর হিসাব খোলা হয় এবং পরবর্তীতে সেগুলো বন্ধ করা হয়। এসব হিসাবে মোট ১৬৫ কোটি ৪৫ হাজার টাকা অস্বাভাবিক লেনদেনের অভিযোগ রয়েছে বলে আবেদনে উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে দুদকের অনুসন্ধান কার্যক্রম চলমান রয়েছে।


