রাজধানীর এলিফ্যান্ট রোডের কাঁটাবনে একটি ১৪ তলা আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ভবনের ১২ তলায় লাগা এই আগুন নিয়ন্ত্রণে বর্তমানে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করছে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ১টা ৫ মিনিটের দিকে কাঁটাবনের ওই আবাসিক ভবনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। বর্তমানে পলাশী ফায়ার স্টেশনসহ মোট ৫টি ইউনিট সেখানে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালিয়ে যাচ্ছে।
তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।


