পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) এবং ইউনিভার্সেল গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ‘রত্নদ্বীপ রিসোর্ট, হোটেল অ্যান্ড অ্যামিউজমেন্ট’-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে।
সোমবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ে এই চুক্তি সই অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের পক্ষে চুক্তিতে সই করেন রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম এবং ইউনিভার্সেল গ্রুপের পক্ষে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক সোহানী হোসেন।
অনুষ্ঠানে পাবিপ্রবি উপাচার্য অধ্যাপক আবুল হাসনাত মোহা. শামীম, উপউপাচার্য অধ্যাপক মো. নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. শামীম আহসানসহ ইউনিভার্সেল গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শিল্প ও একাডেমিক সহযোগিতার মাধ্যমে গবেষণা, উদ্ভাবন, দক্ষতা উন্নয়ন এবং টেকসই আর্থ-সামাজিক উন্নয়নে যৌথভাবে কাজ করার লক্ষ্যে এই সমঝোতা চুক্তি করা হয়েছে।
এই চুক্তির ফলে পাবিপ্রবি শিক্ষার্থীরা ইউনিভার্সেল গ্রুপে ইন্টার্নশিপ, খণ্ডকালীন চাকরি এবং মেধার ভিত্তিতে স্থায়ী কর্মসংস্থানের সুযোগ পাবেন। পাশাপাশি শিল্প খাতের চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের শিক্ষাক্রম প্রণয়ন, রিসোর্স পারসন হিসেবে শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ, যৌথ গবেষণা, প্রযুক্তিগত সহায়তা এবং ল্যাব ব্যবহারের সুবিধা তৈরি হবে।


