পুলিশের ইউনিফর্ম পরিবর্তনের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন। বুধবার দেওয়া এক বিবৃতিতে সংগঠনটি বলেছে, পেশাগত দায়িত্ব ও মর্যাদার জায়গা থেকে তারা এ বিষয়ে নিজেদের সুস্পষ্ট অবস্থান তুলে ধরছে।
বিবৃতিতে বলা হয়, পুলিশের পোশাক শুধু একটি আনুষ্ঠানিক পরিধান নয়, এটি রাষ্ট্রের কর্তৃত্ব, জনআস্থা, নিরাপত্তা ও পেশাগত মর্যাদার প্রতীক। দীর্ঘদিন ব্যবহৃত ঐতিহ্যবাহী ইউনিফর্ম জনমনে আস্থা ও নিরাপত্তার প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।
অ্যাসোসিয়েশনের দাবি, বর্তমান ইউনিফর্মের দৃশ্যমানতা (ভিজিবিলিটি) বেশি হওয়ায় দূর থেকে পুলিশ সদস্যদের সহজে শনাক্ত করা যায়। নতুন পোশাক তুলনামূলকভাবে কম দৃশ্যমান হওয়ায় মাঠপর্যায়ে দায়িত্ব পালনে জটিলতা তৈরি হতে পারে।
তারা আরও বলেছে, মাঠপর্যায়ের সদস্যদের মতামত বিশ্লেষণে দেখা গেছে, নতুন পোশাকের কাপড়ের মান, আরামদায়কতা, আবহাওয়াগত উপযোগিতা ও দীর্ঘ সময় দায়িত্ব পালনের ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা রয়েছে। দেশের আবহাওয়া ও দায়িত্ব পালনের প্রকৃতি বিবেচনায় বিষয়গুলো গুরুত্বপূর্ণ।
বিবৃতিতে উল্লেখ করা হয়, নতুন ইউনিফর্মের রং ও নকশা কিছু বেসরকারি নিরাপত্তাকর্মীদের পোশাকের সঙ্গে সাদৃশ্যপূর্ণ হওয়ায় বিভ্রান্তির আশঙ্কা তৈরি হয়েছে। এতে পুলিশের স্বতন্ত্র পরিচয় ক্ষুণ্ন হতে পারে বলেও তারা মনে করে।
অ্যাসোসিয়েশন জানায়, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে পুলিশ সদস্যরা পূর্বের ইউনিফর্ম পরে দায়িত্ব পালন করেছেন এবং তাদের ভূমিকা দেশ-বিদেশে প্রশংসিত হয়েছে।
সংগঠনটি সরকারের কাছে অনুরোধ জানিয়েছে, পুলিশ সদস্যদের মতামত, মাঠপর্যায়ের অভিজ্ঞতা ও জনমতের আলোকে ইউনিফর্ম পরিবর্তনের সিদ্ধান্ত পুনর্মূল্যায়ন করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হোক।


