দেশের বাজারে নতুন নকশা ও সিরিজের ১০ টাকার নোট আসছে মঙ্গলবার।
বাংলাদেশ ব্যাংকের হাতে নেওয়া ‘বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক নতুন নকশা ও সিরিজের অংশ হিসেবে এই নোট বাজারে আসতে যাচ্ছে।
এরই মধ্যে এই সিরিজের এক হাজার, ৫০০, ১০০, ৫০ ও ২০ টাকার নোট বাজারে ছেড়েছে কেন্দ্রীয় ব্যাংক।
নতুন এই ১০টাকার নোটের দৈর্ঘ্য ১২৩ মিলিমিটার এবং প্রস্থ ৬০ মিলিমিটার।
নোটের সামনের অংশের বামপাশে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ছবি রয়েছে। মাঝখানে রয়েছে পাতা ও কলিসগ প্রস্ফুটিত জাতীয় ফুল শাপলার ছবি। নোটের পেছনভাগে জুলাই গণঅভ্যুত্থানের সময় দেয়ালে আঁকা একটি গ্রাফিতি স্থান পেয়েছে।

নোটে জলছাপ হিসেবে জাতীয় পশু রয়েল বেঙ্গল টাইগারের মুখ এবং নিচে উজ্জল ইলেকট্রোটাইপ জলছাপে ইংরেজিতে ১০ এবং বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম রয়েছে।
নতুন এই নোটটিতে গোলাপি রঙের আধিক্য রয়েছে।
নোটের সামনের বামপাশে ২ মিলিমিটার চওড়া নিরাপত্ত সুতা সংযোজিত হয়েছে, যেখানে লেখা রয়েছে ’১০ দশ টাকা’। যা আলোর উল্টোদিকে ধরলে দৃশ্যমান হবে। সেইসঙ্গে নোটটি নড়াচড়া করলে নিরাপত্তা সুতার রঙ লাল থেকে সবুজে পরিবর্তিত হবে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নতুন এই ১০ টাকার নোটের পাশাপাশি বর্তমানে প্রচলিত সব কাগুড়ে নোট ও ধাতব মুদ্রাও যথারীতি চালু থাকবে।
প্রাথমিকভাবে মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের মতিঝিলের অফিস থেকে এবং পরে ব্যাংকের অন্যান্য অফিস থেকে এই নোট ইস্যু করা হবে।


