রাজধানীতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।
রবিবার সন্ধ্যা ৭টার দিকে শেরেবাংলা নগর থানার জিয়া উদ্যান লেকের দক্ষিণ-পশ্চিম দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
সোমবার শেরে বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেপ্তার ব্যক্তির নাম আহসান জহীর খান (৫০)। তিনি জেএমবির এহসার সদস্য। তার বিরুদ্ধে ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা রয়েছে।
সিটিটিসি সূত্রে জানা গেছে, আহসান জহীর খান নব্য জেএমবির সক্রিয় সদস্য । তিনি ও তার পলাতক সহযোগীরা নাশকতামূলক কর্মকাণ্ডের উদ্দেশ্যে ঘটনাস্থলে একত্র হন। তারা অনলাইন প্ল্যাটফর্ম ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রামসহ বিভিন্ন অ্যাপসের মাধ্যমে ছদ্মনামে নিজেদের মধ্যে যোগাযোগ করতেন। তারা উগ্রবাদী লক্ষ্য, উদ্দেশ্য ও আদর্শ বাস্তবায়নের জন্য কার্যক্রম পরিচালনা করতেন বলেও জানায় সিটিটিসি।
শেরেবাংলা নগর থানার ওসি মনিরুল ইসলাম টাইমসকে বলেন, ‘নব্য জেএমবির সদস্য জহীরের নামে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। মামলাটি করেছে সিটিটিসি। বর্তমানে আসামি আদালতে রয়েছেন।’
এর আগে গত বছরের ১ জুলাই হোলি আর্টিজানে হামলার ৯ বছর পূর্তির দিনে এক অনুষ্ঠানে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী সাংবাদিকদের বলেন, ‘বাংলাদেশে কোনো জঙ্গি নেই। বাংলাদেশে আছে ছিনতাইকারী।’
একই দিনে পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম গণমাধ্যমকে বলেন, ‘জঙ্গি নেই- এ কথা বলা যাবে না। তবে এই মুহূর্তে তাদের খুব বেশি তৎপরতা নেই। যারা জামিনে ছাড়া পেয়েছেন, তারা আমাদের সার্ভিলেন্সের মধ্যে আছেন।’


